৩৮ দিনেও উদ্ধার তৎপরতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণমুখী চাকমা, মঙ্গলচান চাকমা, রিজাব কুমার চাকমা, লক্ষ্মীসোনা চাকমা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উত্তর খাগড়াছড়ি গ্রামের বাসিন্দা সবাই। তাঁদের কারও স্বামী, কারও ভাই, কারও সন্তান ৩৮ দিন ধরে নিরুদ্দেশ।গত ১৬ ফেব্রুয়ারি রাঙামাটি শহর থেকে ইঞ্জিনচালিত নৌকায় লংগদু উপজেলার কাট্টলীর জোড়টিলায় ফেরার পথে তাঁদের স্বজনেরাসহ ৬২ জন পাহাড়ি নারী-পুরুষ অপহূত হন। পাঁচ দিন পর ছয়জন নারীসহ ১০ জনকে অপহরণকারীরা ছেড়ে দেয়। বাকি ৫২ জনের কোনো খবর নেই।পার্বত্য চট্টগ্রামে এর আগে কখনো একসঙ্গে এত মানুষকে অপহরণের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর এক মাসের অধিক সময় পার হলেও অপহূত ব্যক্তিদের উদ্ধারে দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ করেছে তাঁদের স্বজনেরা। পুলিশ ও জেলা প্রশাসন কেবল ‘আশাবাদ’ ও ‘সাধ্যমতো চেষ্টার’ কথা শোনাচ্ছে। অপহূত ব্যক্তিদের প্রায় সবাই পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য। এই দলটির নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা কেবল অসহায়ত্ব প্রকাশ করছেন। অবশ্য রাঙামাটির জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রথম আলোর কাছে দাবি করেন, অপহূত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। পেশিশক্তি ব্যবহার না করে স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে ছাড়িয়ে আনার ওপর জোর দেওয়া হচ্ছে।যেখানে এ ঘটনা ঘটেছে, তার কাছেই আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্যাম্প। এলাকাটি সেনাবাহিনীর লংগদু জোনের অধীন। পার্বত্য এলাকায় সেনাবাহিনীর উপস্থিতির পরও এমন ঘটনা কীভাবে ঘটল জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।’ তবে তিনি জানান, অপহূত ব্যক্তিদের উদ্ধারে সেনাবাহিনী চেষ্টা অব্যাহত রেখেছে। একটি এলাকা সেনাবাহিনী একবার ঘেরাও করে ফেলেছিল। কিন্তু ব্যাপক ক্ষতি হবে—এই আশঙ্কায় তারা কোনো অ্যাকশনে যায়নি। গত শনিবার দুপুরে উত্তর খাগড়াছড়ি গ্রামে পৌঁছায় এই প্রতিবেদক। তখন সেখানে রীনা চাকমা (৩২) নামের একজনের সাপ্তাহিক ক্রিয়া (শ্রাদ্ধানুষ্ঠান) চলছিল। রীনার স্বামী মৃগসোনা চাকমাও (৩৮) ওই ৫২ জনের একজন। স্বামী অপহূত হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ১৫ মার্চ তিনি মারা যান। অপহূত ব্যক্তিদের মধ্যে এই গ্রামের আটজন রয়েছেন। তাঁদের স্বজনেরাও জড়ো হন শ্রাদ্ধানুষ্ঠানে। তাঁদেরই একজন কৃষ্ণমুখী চাকমা। তাঁর স্বামী শংকর চাকমাও অপহূত হয়েছেন।কৃষ্ণমুখী বলেন, একদিকে স্বামীর জন্য দুশ্চিন্তা, আরেকদিকে তিন শিশুসন্তানের জন্য খাবার জোগাড় করা নিয়ে বিপদে আছেন তিনি। গ্রামের মানুষের কাছে চেয়েচিন্তে খাচ্ছেন।অপহরণের পর ছাড়া পাওয়া ১০ জনের একজন এ গ্রামের রিজাব কুমার চাকমা (৫৭)। ইঞ্জিনচালিত যে নৌকায় অপহূত ব্যক্তিরা ছিলেন, সেটির মালিক তিনি। প্রথম আলোকে তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি বড় মেয়ের সন্তানের ‘মুখে ভাত’ অনুষ্ঠানে যোগ দিতে তিনি রাঙামাটি শহরে যান। ১৪ তারিখ ফেরার আগে জানতে পারেন, তাঁর বড় ছেলে এলাকার লোকদের নিয়ে জেএসএসের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসছে। অনুষ্ঠান সেরে দলটি ১৬ তারিখে ফিরে যাবে। এ কথা জেনে তিনি ও তাঁর স্ত্রী একসঙ্গে ফেরার সিদ্ধান্ত নেন।রিজাব চাকমা জানান, ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের নৌকাটি লংগদু উপজেলার জোড়টিলায় পৌঁছামাত্র ইঞ্জিনচালিত দুটি ছোট নৌকা এসে তাঁদের থামায়। নৌকা দুটিতে ১৭-১৮ জন সশস্ত্র ব্যক্তি ছিল। তারা সবাই পাহাড়ি, সামরিক পোশাক পরিহিত। তাঁরা অস্ত্রের মুখে রিজাব চাকমাদের নৌকাটিকে উকছড়িমুখের দিকে নিয়ে যায়। একটি টিলার পাশে গিয়ে নৌকাটি থামিয়ে সেখানে সবাইকে নামানো হয়। এর মধ্যে তিনিসহ নারীদের একটি বাড়িতে রাখা হয়। পাঁচ দিন পর তাঁদের ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাঁর নৌকাটি আর ফেরত দেওয়া হয়নি। বাকি ৫২ জনের সঙ্গে নৌকার চালক তাঁর ছেলে মধুজীবন চাকমাকেও আটকে রাখে অপহরণকারীরা। তিনি বলেন, ‘তিন বিঘা জমি বন্ধক দিয়ে, হালের বলদ বিক্রি করে নৌকাটি কিনেছিলাম। আমার ছেলেকে ফিরত চাই। আমার বাঁচার অবলম্বন নৌকাটিও চাই।’পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অভিযোগ, পাহাড়ে তাদের প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ অপহরণের ঘটনা ঘটিয়েছে।ইউপিডিএফ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইউপিডিএফের যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমরা এ ঘটনায় জড়িত নই। পাহাড়ে জনসংহতি সমিতি যে ভ্রাতৃঘাতী সংঘাত সৃষ্টি করেছে, তাতে ক্ষুব্ধ হয়ে জনগণের কোনো অংশ এভাবে অপহরণ ঘটাতে পারে।’জেলা প্রশাসকসহ স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, অপহরণকারীরা লোক মারফত তাদের কয়েকটি দাবির কথা জানিয়েছে। এর মধ্যে পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতির পদ থেকে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার পদত্যাগ প্রধান দাবি।রাঙামাটি জেলা পুলিশ সুপার আমেনা বেগম জানান, অপহরণকারী ব্যক্তিদের এ দাবির বিষয়ে সন্তু লারমাকে ইতিমধ্যে জানানো হয়েছে। জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, অপহরণকারীদের দাবির সঙ্গে তাঁর দল মোটেই একমত নয়। কাউকে জিম্মি করে রাজনৈতিক দাবি আদায় কোনো সুস্থ সমাধান নয়। তিনি অপহূত ব্যক্তিদের উদ্ধারে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।