৩৮ বছর পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি
৩৮ বছর পর দেশের প্রেক্ষাগৃহে আবার মুক্তি পাচ্ছে ভারতীয় চলচ্চিত্র। জানা গেছে, ২৩ ডিসেম্বর মুক্তি পাবে জোর ছবি। পশ্চিমবঙ্গে দারুণ ব্যবসাসফল এ ছবিতে অভিনয় করেছেন জিৎ ও কোয়েল মল্লিক। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন গতকাল সোমবার জোর ছবিটি মুক্তি দেওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, শুরুতে ১২টি প্রেক্ষাগৃহে জোর ছবিটি মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের প্রেক্ষাগৃহে ১৯৭৩ সালে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শন সরকারিভাবে নিষিদ্ধ করা হয়।এদিকে সম্প্রতি উচ্চতর আদালতের নির্দেশে প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য তিনটি ভারতীয় বাংলা ছবিকে অনুমতি দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। জোর ছাড়া অন্য দুটি ছবি বদলা ও সংগ্রাম। তবে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতীয় ছবির মুক্তির ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর বললেন, ‘ঘটনা যদি সত্যি হয়, তাহলে এর প্রতিবাদ জানাতে যা যা করতে হয়, সবই আমরা করব।’চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা বললেন, ‘আমি বা আমার সমিতি কিছুই জানি না। ছবি মুক্তি দিতে হলে আমাদের সমিতির অনুমতির প্রয়োজন আছে। তা নেওয়া হয়নি। এই সমিতির অনুমতি ছাড়া ছবির প্রিন্ট করা যায় না। তার পরও কীভাবে ছবি মুক্তি পাচ্ছে জানি না। কাগজ না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করব না।’