৩৮টির মধ্যে ৩৬টি ট্রেনই সময়মতো ছেড়েছে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর রেলস্টেশন থেকে ৩৮টি ট্রেনের মধ্যে ৩৬টি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে গেছে। দুটি ট্রেন দেরিতে ছেড়েছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আজ রোববার রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে এ দাবি করেছেন। পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি যাত্রীদের ঈদের শুভেচ্ছা জানান। যোগাযোগমন্ত্রী স্টেশনের টিকিট কাউন্টার পরিদর্শন করেন এবং টিকিট ক্রেতাদের সঙ্গে কথা বলেন।এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ থেকে যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে। আন্তনগর, মেইল, এক্সপ্রেস ট্রেন ছাড়াও ঈদে ঘরমুখো যাত্রীরা এসব বিশেষ ট্রেনে যাতায়াত করতে পারবেন।বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে চট্টগ্রাম-চাঁদপুর, চাঁদপুর-চট্টগ্রাম, চট্টগ্রাম-কুমিল্লা, কুমিল্লা-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জ-ঢাকা ও পশ্চিমাঞ্চলে পার্বতীপুর-ঢাকা, ঢাকা-পার্বতীপুর, খুলনা-ঢাকা এবং ঢাকা-খুলনা রুটে বিশেষ ট্রেন চালু করেছে।বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) বলেন, সকালে নির্ধারিত সময়ে খুলনা ও পার্বতীপুর থেকে বিশেষ ট্রেন গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। তিনি জানান, এসব বিশেষ ট্রেন ঈদের আগে ৩ দিন এবং ঈদের একদিন পর পরবর্তী ৩ থেকে ৫ দিন পর্যন্ত চলাচল করবে।এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-ভৈরবের মধ্যে বিশেষ ট্রেন চলাচল করবে।পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, বিআরটিসির চেয়ারম্যান এম এম ইকবাল এবং যোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।