২০১৩ সালের মধ্যে পার্কটির নির্মাণ শেষ হবে বলে মন্ত্রণালয় আশা করছে
৩৮১০ একর জায়গায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কলেবর বাড়ানো হচ্ছে। রাজধানীর অদূরে বন বিভাগের গাজীপুরের শ্রীপুর রেঞ্জের আওতাধীন রাথুরা মৌজায় তিন হাজার ৮১০ একর জমির ওপর পার্কটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বন বিভাগের মাধ্যমে বাস্তবায়নাধীন এই পার্কটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে ২০০০ সালে দেশে প্রথমবারের মতো কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক নির্মাণ করা হয়েছিল। গত ১১ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৬৪ কোটি টাকার এই প্রকল্পটির অনুমোদন দেয়। সম্প্রতি প্রধানমন্ত্রী এটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে আরও বড় পরিসরে নির্মাণের নির্দেশ দেওয়ার পর বাজেট বাড়ানো হয়েছে। নতুন পরিকল্পনায় এর বাজেট ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। ২০১৩ সালের মধ্যে সাফারি পার্কটির নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় আশা করছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের ‘জুরং বার্ড পার্ক’ ও ‘সাফারি ওয়ার্ল্ডে’র আদলে এই পার্ক স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। চলতি বছরেই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রাথমিকভাবে এক হাজার একরের মধ্যে নির্মাণকাজ শুরু হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তিন হাজার ৮১০ একর জমির ওপর তিনটি অংশে সাফারি পার্কটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ১০ একর জমি সরকারি ও ৮০০ একর ব্যক্তিমালিকানাধীন। ২০০ একর ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণের কাজ চলছে। পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার সাফারি পার্কটির ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, জমি অধিগ্রহণে খরচ বাড়ায় মোট বাজেট ২০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে ২০১৩ সালের মধ্যেই এর নির্মাণকাজ শেষ হবে বলে তিনি আশা করেন। সাফারি পার্কে থাকবে: সাফারি পার্কের মাঝখানে বঙ্গবন্ধু চত্বর তৈরি করা হবে। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল, মডেলসহ বিভিন্ন ধরনের দর্শনীয় সামগ্রী রাখা হবে। মূল স্থাপনা তিনটি অংশে ভাগ করা হবে। এতে বন্য প্রাণীর জন্য একটি পূর্ণাঙ্গ সাফারি পার্ক, একটি সাফারি বাগান ও একটি জীববৈচিত্র্য প্রদর্শনীর স্থান থাকবে। জীববৈচিত্র্য প্রদর্শনীর স্থানে পাহাড়, বন, সমুদ্রসহ দেশের বিভিন্ন প্রতিবেশের নমুনা তৈরি করা হবে। সেখানে প্রতিটি প্রতিবেশের উপযোগী প্রাণী রাখা হবে। সাফারি পার্কটিতে মূলত দেশের বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রাণী রাখা হবে। এ ছাড়া বিদ্যমান প্রাণী ও উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণেরও ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে সাফারি পার্কে বাঘ ও সিংহের জন্য ১৫ একর করে ঘেরবেড়া নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘেরবেড়ার পাশে স্থাপন করা হবে ‘সিংহ ও বাঘ ক্যাফে’। ক্যাফে থেকে যাতে পর্যটকেরা স্বচ্ছ কাচের ভেতর দিয়ে বাঘ ও সিংহ দেখতে পায়, সে ব্যবস্থা থাকবে। ১৫০ হেক্টর চারণভূমি এবং ৮০ হেক্টর বন্য প্রাণীর খাদ্য উপযোগী বাগান সৃজন করা হবে। সেখানে বানর, মায়া হরিণ, বেজি, গন্ধগোকুল, খরগোশ, খেঁকশিয়াল, পাতিশিয়াল প্রভৃতি বন্য প্রাণীর আবাস গড়ে তোলা হবে। নীলগাই, মোষ, গয়াল, সম্বর, মায়া হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণের মতো তৃণভোজী প্রাণীর জন্য ৫০০ হেক্টর জায়গায় ঘেরবেড়া তৈরি করা হবে। গন্ধগোকুল ও বনবিড়াল, কালো ভালুক ও লামচিতার জন্য আলাদা বসতি এলাকা তৈরি করা হবে। বানরের জন্য আলাদা বেষ্টনী তৈরি করা হবে। গন্ডার, এশীয় হাতি, পরিযায়ী পাখি, জলচর পাখি, বনছাগল, শ্লথ বিয়ার, কালো ভালুক, মিঠা ও লোনাপানির কুমির, নীলগাই, জলহস্তী—এসব প্রাণী সংরক্ষণ ও প্রজনন ঘটানো হবে। এসব প্রাণীকে পর্যবেক্ষণের জন্য পর্যটকদের চলাচলের রাস্তা তৈরি করা হবে। তৈরি করা হবে একটি টাওয়ার। আহত ও উদ্ধার হওয়া বন্য প্রাণীর জন্য একটি চিকিৎসাকেন্দ্র, পরিযায়ী পাখিদের জন্য বড় বড় পুকুর থাকবে। বিপন্ন ও বিলুপ্তপ্রায় পাখিদের জন্য পাখিশালা তৈরি করা হবে। থাকবে একটি ‘প্রকৃতি জাদুঘর’। পার্কের পাশেই থাকবে সাফারি বাগান। সেখানে একটি ‘মেরিন অ্যাকোরিয়াম’ ও জঙ্গল অ্যাডভেঞ্চারের ব্যবস্থা রাখা হবে। ময়ূর, মথুরা ও তোতার জন্য আলাদা পাখিশালা করা হবে। দুই একর জায়গায় তৈরি করা হবে পাখির ডিম রাজ্য। সেখানে বিভিন্ন দুর্লভ পাখির ডিম সংরক্ষণ করা হবে। সাফারিতে শকুনের জন্য আলাদা স্থান নির্ধারণ করে দেওয়া হবে। সেখানে শকুনের প্রজননের ব্যবস্থা করা হবে। শকুনের বাসা করার জন্য উঁচু গাছ লাগানো হবে। প্রজাপতি ও ধনেশ পাখির জন্যও মোট তিন একর জমি নির্ধারণ করা হয়েছে। সাফারি পার্কের মধ্যে জীববৈচিত্র্যবিষয়ক একটি অংশ থাকবে। সেখানে একটি বোটানি জোন, প্যালিকন পাখির (গগন বের) জন্য একটি হ্রদ তৈরি করা হবে। তিন একর জমি বরাদ্দ রাখা হবে কচ্ছপ প্রজননের জন্য। পর্যটকদের জন্য বানরের ঘর, হাতি গ্যালারি, পাখি প্রদর্শনী গ্যালারি, ডলফিন প্রদর্শনী গ্যালারি, ক্যাঙারু বাগান, জিরাফ পয়েন্ট তৈরি করা হবে। সেখানে বন্য প্রাণীদের ম্যুরাল ও মডেল তৈরি করা হবে। এ ছাড়া থাকবে শিশুপার্ক, একটি কেন্দ্রীয় মিলনায়তন, ফুড কোর্ট ও কৃত্রিম হ্রদ। সাফারির পাশেই ২৫ একর জমি রাখা হয়েছে গাড়ি পার্কিং, কর্মকর্তাদের থাকার জায়গা ও রেস্টুরেন্ট নির্মাণ করার জন্য।