৩৯ অবৈধ ইটভাটায় পুড়ছে বনের কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলায় রয়েছে পরিবেশ ছাড়পত্রহীন ও লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ ৩৯টি ইটভাটা। এসব ইটভাটায় বনের কাঠ পোড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে ইট তৈরি বন্ধে স্থানীয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার আটটি উপজেলায় ইটভাটা রয়েছে ৫৫টি। এর মধ্যে ৩৯টি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন। এগুলোর লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ। এই ইটভাটাগুলোর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় পাঁচটি, রামুতে ১২টি, চকরিয়ায় পাঁচটি, পেকুয়ায় তিনটি, কুতুবদিয়ায় তিনটি, মহেশখালীতে চারটি ও টেকনাফে সাতটি। ওই ৩৯টির মধ্যে ২১টি স্থাপন করা হয়েছে সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে ও জনবসতিপূর্ণ এলাকায়। ইট পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়ায় পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। ধ্বংস হচ্ছে বনের জীববৈচিত্র্য।ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, সংরক্ষিত বা রক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন ও ইট পোড়ানোর ক্ষেত্রে কাঠ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।কক্সবাজার শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঈদগাহ ফরিদ আহমদ কলেজ গেট এলাকায় (সংরক্ষিত বনের আধা কিলোমিটারের মধ্যে) আর কে সি নামের একটি ভাটা রয়েছে। গত ২৬ জানুয়ারি ওই ভাটায় গিয়ে দেখা যায়, দুটি গাড়িতে করে আনা বনাঞ্চলের চারাগাছ ভাটার চুল্লিতে ফেলা হচ্ছে। এর পাশের এম কে বি, আর এম এম ব্রিক, টি কে বি, জেড এম বিসহ ছয়টি ভাটায়ও একইভাবে কাঠ পোড়াতে দেখা যায়। এই ছয়টি ভাটার বৈধ কোনো লাইসেন্সও নেই। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি ভাটার শ্রমিকেরা জানান, ভাটাগুলোর সামনে কিছু কয়লা ফেলে রাখা হলেও দিন-রাতে পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের বিপুল পরিমাণ কাঠ। ঈদগাও বাসস্টেশন এলাকার কয়েকজন প্রভাবশালী পার্শ্ববর্তী ঈদগড়, বাইশারী, দুলাছড়ি, ডুলাহাজারা ও খুঁটাখালী বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে ভাটায় জোগান দিচ্ছেন।কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের মুছনী গ্রামের রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাশে বন বিভাগের সংরক্ষিত পাহাড়ের আধা কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে এম এইচ বি ব্রিক ফিল্ড। এটির সামান্য দক্ষিণে লেদা ও নয়াপাড়া গ্রামে বনের আধা কিলোমিটারের মধ্যে রয়েছে আরও চারটি ইটভাটা। এগুলো হলো এ আর বি ব্রিক, জেড আর বি, থ্রি-স্টার ব্রিক ও এনবিসি ব্রিক।একইভাবে টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়নের দৈগ্যাকাটা ও লম্বাঘোনা পাহাড়ের ভেতর স্থাপন করা হয়েছে এ এইচ বি ব্রিক এবং ই বি সি ব্রিক নামের আরও দুটি ইটভাটা। এই সাতটি ভাটায় ইট পোড়াতে বনের কাঠ ব্যবহূত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ভাটাগুলোকে পরিবেশ অধিদপ্তর তিন বছর ধরে ছাড়পত্রও দিচ্ছে না। তাই এসব ভাটায় ইট উৎপাদন অবৈধ। কিন্তু এগুলোতে দেদার ইট তৈরি ও বিক্রি চলছে।অভিযোগ আছে, রামু উপজেলার ফতেখাঁরকুল, চাকমারকুল, জোয়ারিয়ানালা, খুনিয়া পালং, দক্ষিণ মিঠাছড়ি, রশিদনগর ইউনিয়নে ধানি জমি ও লোকালয়ে স্থাপিত ৩০টি ভাটায় ইট তৈরি করা হচ্ছে বনের চোরাই কাঠ পুড়িয়ে। প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত এসব ভাটায় পাঁচ-ছয় দফায় ইট পোড়ানো হয়। শ্রমিকেরা জানান, একটি ভাটায় দিনে পাঁচ শ মণ করে মাসে ১৫ হাজার মণ লাকড়ির দরকার। ছয় মাসে লাগে ৯০ হাজার মণ। সেই হিসাবে ৩০টি ভাটায় মৌসুমে (ছয় মাসে) ২৭ লাখ মণ কাঠের দরকার হয়। জানা গেছে, ইটভাটার কাঠের চাহিদা মেটাতে রামু ও পার্শ্ববর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বনাঞ্চল উজাড় করছে প্রায় ১৫টি বনদস্যু চক্র। বন বিভাগের স্থানীয় লোকজন ও পুলিশের যোগসাজশে চোরাই কাঠ বিভিন্ন ভাটায় সরবরাহ করা হচ্ছে।সরজমিনে দেখা গেছে, রামুর কয়েকটি ভাটায় কয়লা পোড়ানো হলেও বেশির ভাগ ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। ভাটায় কর্মরত কয়েকজন শ্রমিক জানান, কয়লা পোড়ানোর নিয়ম থাকলেও লাভের জন্য বেশির ভাগ ভাটার মালিক কাঠ পোড়াচ্ছেন। তবে রামুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর কাশেম হেলালীর দাবি, বর্তমানে কোনো ভাটায় কাঠ পোড়ানো হয় না।বনের গাছ কাটা ও কাঠ পোড়ানোর অভিযোগ অস্বীকার করে টেকনাফের ইটভাটার মালিক আলী আহমদ ও মোহাম্মদ হাশেম দাবি করেন, ব্যক্তিমালিকানাধীন জমিতে তাঁরা সরকারি বিধি মেনে ১২০ ফুট উঁচু চিমনি বসিয়ে ইট তৈরি করছেন। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে না।লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবৈধভাবে ইট তৈরি করা প্রসঙ্গে ওই দুই মালিক বলেন, ‘ভাটার লাইসেন্স নবায়নের জন্য আমরা জেলা প্রশাসনের কাছে গেলে তাঁরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখতে চান। কিন্তু পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়পত্র দিচ্ছেন না। তাই লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।’ তাঁরা জানান, ইচ্ছে করলেও প্রশাসন এসব ভাটা উচ্ছেদ করতে পারবেন না, কারণ উচ্ছেদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।পরিবেশ অধিদপ্তর, টেকনাফের জীববৈচিত্র্যবিষয়ক কর্মকর্তা এ বি এম আমিনুল হক জানান, নীতিমালা লঙ্ঘন করে সংরক্ষিত বনাঞ্চল, আবাসিক এলাকা ও ফসলি জমিতে ইটভাটাগুলো স্থাপন করা হয়েছে। তাই পরিবেশ ছাড়পত্র দেওয়া হচ্ছে না।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল আমিন নিজামী বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলে আমরা কাউকে ইটভাটা স্থাপনের লাইসেন্স দিতে পারি না। লাইসেন্স নবায়নও করছি না। ওই ৩৯টি ছাড়াও জেলার বিভিন্ন স্থানে ১১টি ভাটায় অবৈধভাবে ইট তৈরি করা হচ্ছে বলে জানতে পেরেছি। শিগগিরই অভিযান চালিয়ে এসব ইটভাটা উচ্ছেদ করা হবে।’সংরক্ষিত বনের তিন কিলোমিটারের ভেতরে ইটভাটা স্থাপন প্রসঙ্গে জানতে চাইলে বন বিভাগের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে বনে জরিপ করা হচ্ছে না। তাই তিন কিলোমিটারের ভেতরে কতগুলো ইটভাটা স্থাপন করা হয়েছে, তা বলা যাচ্ছে না। তবে ৩০টির বেশি ভাটায় বিপুল পরিমাণ কাঠ পোড়ানো হয় বলে খবর পাওয়া যাচ্ছে।কক্সবাজার বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এম এ খালেক জানান, অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযান শিগগিরই শুরু হবে।জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হুদা চৌধুরী দাবি করেন, ‘নিয়মনীতি মেনেই এখানে ইট তৈরি হচ্ছে। তবে গোপনে ইটভাটায় কাঠ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাচ্ছি।’জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘নীতিমালা অনুযায়ী কক্সবাজার জেলায় ইটভাটা হতে পারে না। অতীতে এতগুলো ভাটার লাইসেন্স কীভাবে দেওয়া হলো জানি না।’