৩৯ কারখানা কর্ণফুলীর দূষণ ও দখলে জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৩৯টি কারখানা ও স্থাপনা কর্ণফুলী নদীর স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত করছে। প্রতিনিয়ত ঘটাচ্ছে দূষণ। এসব প্রতিষ্ঠান আবার নদীর তীর দখল করে তৈরি করছে স্থাপনা। এতে কর্ণফুলীর নাব্যতা কমে হুমকির মুখে পড়ছে চট্টগ্রাম বন্দর। এ ছাড়া প্রতিদিন আটটি খালের মাধ্যমে নগরের ৩০০ টন অপরোশোধিত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নদীতে। দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে নদীর কোনো কোনো খালের মুখে পানিতে দ্রবীভূত অক্সিজেনের (ডিও) পরিমাণ শূন্যের কোটায় নেমেছে। ক্রমাগত দূষণে কর্ণফুলীতে প্রায় ৫৮ প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে।গত ডিসেম্বরে পরিবেশ অধিদপ্তরের পরিচালিত কর্ণফুলী নদীর দূষণ নিয়ে করা এক জরিপে উঠে এসেছে এই চিত্র। জরিপে নগরের দূষিত বর্জ্য পরিবহনের কারণে চাক্তাই খাল, সুন্দরী খাল, নোয়াখালী খাল, মাঝিরঘাট খাল, গুপ্ত খাল, মহেশখাল, শিকলবাহা খাল ও ফেরিঘাট খালের দূষণের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। দীর্ঘ ২৫ বছর পর কোনো পরিবেশ অধিদপ্তর কর্ণফুলীর সার্বিক চিত্র নিয়ে এ জরিপ চালায়। এর আগে ১৯৮৪-৮৫ সালে প্রতিষ্ঠানটি এ ধরনের জরিপ করেছিল।জরিপে উল্লেখ করা হয়, দূষণকারী সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) ও চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) উল্লেখযোগ্য। সরকারি এসব প্রতিষ্ঠানের বর্জ্য নিষ্কাশন নালার মুখে নদীর পানি পরীক্ষা করে ভয়াবহ দূষণ পাওয়া গেছে। অবশ্য সিইউএফএলের ব্যবস্থাপক মো. শাহজাহান দাবি করেন, ‘আমাদের ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে। আমরা কোনো দূষণ করি না।’জরিপ সম্পর্কে পরিবেশ অধিপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. আবদুস সোবাহান বলেন, ‘আমাদের জরিপে দেখা গেছে, কর্ণফুলীর দুই তীরে ৩৯টি প্রতিষ্ঠান নদীর গতিপ্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত ও পানি দূষণ করছে। এসব কারখানার বেশ কয়েকটিকে ইতিমধ্যে আমরা নোটিশ দিয়েছি। এ ছাড়া নগরের বর্জ্য গিয়েও পড়ছে নদীতে। এতে আস্তে আস্তে চর জমছে। এ অবস্থায় নদীর স্বাভাবিক গতি অব্যাহত রাখতে দূষণ কমানোর পাশাপাশি খনন অব্যাহত রাখতে হবে। নইলে বন্দর হুমকিতে পড়বে।’যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ: বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড, স্টার সিমেন্ট লিমিটেড, কর্ণফুলী ওয়েল রিফাইনারি লিমিটেড, এম এইচ কে কোল্ড স্টোরেজ, মাসুদ ফিশ প্রসেসিং, জে এম সল্ট কারখানা, সি সাইড সল্ট ক্রসিং কারখানা, আবদুস সালাম অ্যান্ড ব্রাদার্স, সি গার্ড সল্ট কারখানা, দি কো অপারেটরস এন্টারপ্রাইজ, চিটাগং জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কালুরঘাট এ কে খান বালুমহাল, নাহার এন্টারপ্রাইজ, জেবি এন্টারপ্রাইজ, গ্রেট বেঙ্গল এন্টারপ্রাইজ, কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড, ফিশার্স শিপ ইয়ার্ড লিমিটেড, পেনিনসুলা সি ফুড লিমিটেড ও শাহীন ড্রিংকিং ওয়াটার। এ ছাড়া দি কো অপারেটরস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান নদীর তীর ভরাট করে জেটি নির্মাণ করেছে বলে অধিদপ্তর থেকে অভিযোগ করা হয়।কর্ণফুলী শিপ বিল্ডার্সের মালিক প্রকৌশলী আবদুর রশীদ বলেন, ‘আমরা নদীর কোনো তীর দখল করিনি। নিজস্ব জায়গায় বন্দর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদনে কারখানা করেছি। পরিবেশ অধিদপ্তরের অভিযোগ ভিত্তিহীন। আর ডকইয়ার্ড কখনো দূষণ করে না।’কারখানার দূষণের ফল: পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিনটি দল কালুরঘাট থেকে মোহনা পর্যন্ত এ জরিপ চালায়। কাফকো সার কারখানার বর্জ্য অপসারণ নালার নদীমুখ পরীক্ষায় দ্রবীভূত অক্সিজেন (ডিও) এবং বাইয়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড (বিওডি) সহনীয় থাকলেও কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড (সিওডি) প্রতি মিলিগ্রামে ২৫২। এসব জায়গায় লবণাক্ততা পাওয়া গেছে শূন্য দশমিক ২ শতাংশ। একইভাবে সিইউএফএলে লবণাক্ততার পরিমাণ পাওয়া গেছে ২৩ দশমিক ৫ শতাংশ, সিওডি প্রতি মিলিগ্রামে ১০১৬।আবদুস সোবাহান বলেন, ‘কাফকো জেটি, সিইউএফএলসহ বিভিন্ন জেটির কারণে নদীর গতিপ্রবাহ বিঘ্নিত হচ্ছে সত্য; কিন্তু এই জেটিগুলো দরকার। সুতরাং খননের বিকল্প নেই।নগরের বর্জ্য দূষণের প্রভাব: আটটি খালের মুখে ভাটার সময় পানি পরীক্ষা করা হয়। এতে চাক্তাই খালের নদীমুখে পানিতে ডিও সর্বনিম্ন পরিমাণ পাওয়া যায় প্রতি মিলিগ্রামে ঋণাত্মক শূন্য দশমিক ১। নোয়াখালী খালে প্রতি মিলিগ্রামে শূন্য দশমিক ৪, গুপ্তখালের নদীমুখে ১ দশমিক ৮, মহেশখালের নদীমুখে দশমিক ১ ও মাঝিরঘাট খালের নদীমুখে ২ দশমিক ৩। এই মাত্রার অক্সিজেনের মধ্যে কোনো জলজ প্রাণী বাঁচতে পারে না বলে পরিবেশবিদেরা মনে করেন।জরিপে বলা হয়, পানিতে বিওডি যত কম হয়, পানি দূষণের মাত্রা তত কম। সাধারণত বিওডির গ্রহণযোগ্য মান প্রতি মিলিগ্রামে ৫০। কিন্তু নোয়াখালী খালে নদীমুখের পানিতে প্রতি মিলিগ্রামে সর্বোচ্চ ১৮৪, চাক্তাই খালের মুখে ১৭০ মিলিগ্রাম বিওডি পাওয়া যায়। অন্যদিকে সিওডি যেখানে প্রতি মিলিগ্রাম পানিতে ২০০ থাকার কথা, সেখানে পাওয়া গেছে সর্বোচ্চ ১৫৪৪।পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুস সোবাহান বলেন, ‘খালের মুখের পানির এ অবস্থা প্রমাণ করে, আমাদের নগরের যাবতীয় বর্জ্য খালের মাধ্যমে নদীতে গিয়ে পড়ছে। এ জন্য শিগগির সুয়ারেজ পদ্ধতি চালু করা দরকার।’যান্ত্রিক দূষণ: চট্টগ্রাম কলেজের ইদ্রিস আলীর পরিচালিত এক জরিপে দেখা যায়, বন্দরে প্রতি মাসে এক হাজার ৬০০ জাহাজ আসা-যাওয়া করে। এর মধ্যে ৫০-৭০টি তেলবাহী। নিবন্ধিত নৌকা আছে চার হাজার। নিবন্ধনবিহীন আরও প্রায় পাঁচ হাজার যন্ত্রচালিত নৌকা চলাচল করে নদীতে। এসব জাহাজ ও নৌকা থেকে নির্গত হয় পোড়া তেল।অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, শহরের বাসা-বাড়ি থেকে প্রতিদিন গড়ে ৭৬০ থেকে ৮০০ টন বর্জ্য তৈরি হয়, যার ৪০ শতাংশ যায় কর্ণফুলীতে। নগরের বিভিন্ন খাল ও বড় নালার মাধ্যমে এসব বর্জ্য মিশছে নদীতে। এ কারণে নদীর দূষণ বাড়ছে।