৩৯ প্রিসাইডিং কর্মকর্তাকে বের করে দেওয়ার দাবি থেকে সরে গেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ উপনির্বাচনে ৩৯টি ভোট কেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের বের করে দেওয়ার দাবি থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি। আজ শনিবার দুপুর ১২টায় বিএনপি দাবি করেছিল, লালমোহন ও তজুমদ্দিনের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ৩৯ জন প্রিসাইডিং কর্মকর্তাকে আওয়ামী লীগের লোকেরা বের করে দিয়েছে। তবে বিকেল তিনটার দিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তথ্যটি ঠিক ছিল না। কিন্তু তারা ৫৭টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে দাবি করে।উপনির্বাচনের সার্বিক অবস্থা নিয়ে আজ শনিবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও নজরুল ইসলাম খান সাংবাদিকদের কাছে উপনির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তখন অভিযোগ করা হয়, ৩৯টি ভোট কেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের বের করে দেওয়া হযেছে। এসব কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়।এম কে আনোয়ার তখন বলেন, আজকের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এ সময় তাঁদের বলেন, অন্য দলের কেউ এখানে আসেননি। আপনারাও চলে যান।’ এম কে আনোয়ার দাবি করেন, সকাল সাড়ে ১০টার দিকে সিইসি বিএনপির প্রতিনিধিদলকে জানিয়েছিলেন, পরিচয়পত্র না থাকায় ৩৭টি কেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।নজরুল ইসলাম খানের দাবি ছিল, এ নির্বাচন পক্ষপাতদুষ্ট, এটি প্রহসনের নির্বাচন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের পর্যবেক্ষক-প্রিসাইডিং কর্মকর্তা করা হয়েছে। তাই নির্বাচন কেমন হতে পারে, সে বিষয়ে তিনি প্রশ্ন রাখেন।বিকেল তিনটার দিকে প্রিসাইডিং কর্মকর্তাদের ব্যাপারে বিএনপির আগের দাবি থেকে সরে আসার কথা সাংবাদিকদের জানান এম কে আনোয়ার। তিনি বলেন, ‘তথ্যটা ঠিক ছিল না। কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা সেটা বলেছিলাম। সংখ্যাটা হেরফের হতে পারে, তবে অনেকগুলো কেন্দ্র থেকেই প্রিসাইডিং কর্মকর্তাদের বের করে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট সংখ্যাটি আমরা পরে জানাব। এ ছাড়া ৫৭টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’