৪ এপ্রিল পর্যন্ত রুমী স্কোয়াডের অনশন স্থগিত
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের অনুরোধে আগামী ৪ এপ্রিল পর্যন্ত অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন শহীদ রুমী স্কোয়াডের সদস্যরা।আজ সোমবার রাত নয়টার দিকে পরিকল্পনামন্ত্রী গণজাগরণ মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের অনশন ভাঙার অনুরোধ করেন। এ সময় তিনি বলেন, ‘সরকার জামায়াত-শিবিরকে নিষিদ্ধের চেষ্টায় ব্যস্ত আছে।’ তাঁর বক্তব্যের পর অনশন ভাঙার ঘোষণা দেন স্কোয়াডের আহ্বায়ক সাদাত হোসেন। এ সময় স্কোয়াডের অনশনকারী অন্য সদস্যরা এ বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। এরপর সবাই মিলে জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থানকেন্দ্রে ফিরে যান। পরে অনশন ভাঙতে অনিচ্ছুকদের সঙ্গে আলোচনা করে অনশন ভাঙার সিদ্ধান্ত বহাল থাকে।আজ রাতে গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে পরিকল্পনামন্ত্রী জামায়াত-শিবির নিষিদ্ধের এ দাবিতে অনশনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তিনি প্রয়োজনে সশরীরে অনশনকারীদের মতো পোশাক পড়ে তাদের সঙ্গে অনশনে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন শাহরিয়ার কবির। তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, পরিকল্পনামন্ত্রী স্পষ্ট বলেছেন যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে পদত্যাগ করে আপনাদের সঙ্গে যোগ দেবেন। এর চেয়ে বড় প্রতিশ্রুতি আর হতে পারে না। ২৬ মার্চ রাত সাড়ে ১০টায় রাষ্ট্রপতির নির্বাহী আদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাদুঘরের সামনে আমরণ অনশন শুরু করে শহীদ রুমী স্কোয়াডের সাত সদস্য। অনশনের সপ্তম দিনে আজ সোমবার পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬ জনে।মঞ্চের সাংস্কৃতিক পরিবেশনা অব্যাহতপ্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। আজ গান, কবিতা আবৃত্তি আর প্রতিবাদী স্লোগানে ধারাবাহিক আন্দোলনের ৫৬তম দিন পার করেছে মঞ্চ। রাজাকারের ফাঁসি আর জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠান। এতে দলীয় সঙ্গীত পরিবেশন করে বহ্নিশিখা ও স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র। আর একক আবৃত্তি এবং একক সঙ্গীত পরিবেশন করেন আবৃত্তি শিল্পী মীর বরকত, শাহাদাত্ হোসেন নিপু, সাবিরা মাহবুব জনি, লাবণ্য শিল্পী ও ফখরুল ইসলাম তারা এবং সঙ্গীতশিল্পী আবিদা রহমান সেতু ও আরিফ রহমান। দলীয় আবৃত্তিতে ছিল আবৃত্তি সংগঠন সংবৃতা ও হরবোলা। সবশেষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন মঞ্চায়ন করে নাটক ‘এফিডেভিট’। মঞ্চের সংগঠকরা জানান, আগামী ৪ এপ্রিল বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর ছয় দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার আগে প্রতিদিন এভাবে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে শাহবাগে।