৪ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সিআইডির তদন্ত কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দকে আগামী ৪ এপ্রিলের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদন্ত বিলম্ব না করার জন্যও সতর্ক করে দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আজ মঙ্গলবার এ আদেশ দেন। এ সময় তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত রাষ্ট্র ও আসামিপক্ষে শুনানি শেষে ২১ আগস্টের ঘটনায় ব্যবহূত আরজেস গ্রেনেডের উত্স ও সরবরাহকারীদের শনাক্ত করতে গত বছর ৩ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেন।অধিকতর তদন্তকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, জঙ্গি নেতা আবদুল মজিদ বাটসহ নতুন করে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যার মাধ্যমে আরজেস গ্রেনেডের উত্স সম্পর্কে জানা গেছে। গ্রেনেডগুলো পাকিস্তান থেকে আনা হয়। এ পর্যায়ে তদন্ত শেষ না হওয়ায় আরও সময় প্রয়োজন বলে জানানো হয়। শুনানি শেষে আদালত এক মাসের সময় বর্ধিত করেন। একই সঙ্গে বারবার সময় নেওয়ার জন্য তদন্ত কর্মকর্তাকে সতর্ক করে দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।