৪ এপ্রিলের হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নারী উন্নয়ন নীতিমালা অনুমোদনের প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের ডাকা আগামী ৪ এপ্রিলের হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, অযৌক্তিক এ হরতালে কেউ লাভবান হবে না। আর ইস্যুবিহীন হরতালকে জনগণও সমর্থন দেবে না। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বুধবার নিরাপত্তাব্যবস্থা গ্রহণ ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আন্তমন্ত্রণালয়-সম্পর্কিত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, নারী উন্নয়ন নীতি নিয়ে দলটি কিছু জানে না বলেই এমন কর্মসূচি আহ্বান করেছে। নারীর ক্ষমতায়ন কোনোভাবেই ইসলামবিরোধী কাজ নয়। এরা যুদ্ধাপরাধীদের রক্ষা করা জন্য এ ধরনের কর্মসূচি আহ্বান করেছে। যদি তারা প্রকৃত অর্থেই ইসলাম ধর্মে বিশ্বাসী হয়, তবে ৪ এপ্রিলের হরতাল প্রত্যাহার করে নেবে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসের আগেই এ বিচারের অগ্রগতি জনগণ দেখতে পাবে। বৈঠক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে প্রয়োজনীয় নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন সন্ধ্যা ছয়টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেখানে আতশবাজি পোড়ানো হবে, সেখানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে সাহারা খাতুন বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।