ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়। আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভের আগে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করে এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থীকে মেস মালিক অন্যায়ভাবে মারধর করার প্রতিবাদে তাঁরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো—আবাসন সমস্যার সমাধান, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও বাইরের মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মওদুদ আহমেদ বিশ্ববিদ্যালয় এলাকায় জেনেভা হাউস নামে একটি মেসে ভাড়া থাকতেন। ওই মেসে ভালো আসন দেওয়ার নাম করে তিন মাস আগে মেস মালিক আবুল হোসেন তাঁর কাছ থেকে অগ্রিম টাকা নেন। চলতি মাস থেকে তাঁকে আসন দেওয়ার কথা ছিল। কিন্তু গত মঙ্গলবার মওদুদ তাঁর আসনে উঠতে গেলে আবুল হোসেন জানান, আসনটি অন্য আরেকজনের কাছে ভাড়া দেওয়া হয়েছে। এমনকি ওই ছাত্র আগে যে আসনে থাকতেন সেটিও অন্য আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছেন। এ সময় মওদুদ এর কারণ জানতে চাইলে তাঁকে মারধর করা হয়।পরে এ ঘটনায় অভিযুক্ত মেস মালিকের শাস্তির দাবিতে গতকাল বুধবার সন্ধ্যা থেকে দফায় দফায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়ন না হলে তাঁরা কঠোর আন্দোলনে যাবেন । এদিকে মেস মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অগ্রিম টাকার নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, যে সিটে মওদুদের ওঠার কথা ছিল সে সিটটি খালি না হওয়ায় তাতে দেওয়া যায়নি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে তিনি মারধরের অভিযোগ অস্বীকার করেন।