৪ নভেম্বর বরিশালে উপমহাদেশের সর্ববৃহৎ শ্মশান দীপাবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের সর্ববৃহৎ শ্মশান দীপাবলি উত্সবের আয়োজন চলছে বরিশালে। ৪ নভেম্বর বৃহস্পতিবার ২০০ বছরের ঐতিহ্যবাহী এ উৎসব অনুষ্ঠিত হবে বরিশাল নগরের কাউনিয়া মহাশ্মশানে।প্রতি বছর ভূত চতুর্দশীর পুণ্যতিথিতে পরলোকে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় এ উৎসবের আয়োজন করা হয়। নগরের কাউনিয়া মহাশ্মশান ও নতুনবাজার আদি শ্মশানে এই উৎসবের আয়োজন করা হয়েছে। বরিশালের মতো জাঁকজমকপূর্ণভাবে শ্মশান দীপাবলি উৎসব উপমহাদেশে আর কোথাও হয় না বলে জানান বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব সেনগুপ্ত। শ্মশান দীপাবলি উপলক্ষে নতুনবাজার আদি ও কাউনিয়া মহাশ্মশান ঘাটে কয়েক দিন ধরে চলছে প্রস্তুতি। পরলোকগত ব্যক্তিদের স্বজনেরা তাদের আত্মার শান্তি কামনায় সমাধিস্থল ও মঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। নতুন সাজে সাজানো হয়েছে সমাধি-মঠগুলো। পরলোকগত ভ্যক্তিদের মধ্যে যাদের স্বজন নেই, তাদের সমাধি মঠগুলোকে রং করা হয়েছে কমিটির নিজস্ব ব্যবস্থাপনায়। মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দে নারু জানান, শ্মশান দীপাবলি উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। র‌্যা ও পুলিশের পাশাপাশি কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে নিরাপত্তায়।