৪ ফেব্রুয়ারি রাজশাহী ও রংপুর বিভাগে হরতাল
আগামী ৪ ফেব্রুয়ারি রাজশাহী ও রংপুর বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান এ ঘোষণা দেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাটোরে বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদারসহ রংপুর ও রাজশাহী বিভাগে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ২৪ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মানবপ্রাচীর, ২৭ জানুয়ারি জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ, ৩০ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান এবং ২ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেল ও সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়।আওয়ামী লীগকে ‘স্বৈরচারী’ সরকার হিসেবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, ‘এ সরকারমুক্ত বাংলাদেশ মানুষ দেখতে চায়। আমরা ধারাবাহিক আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে সেই সাফল্য অর্জন করব। আন্দোলনের প্রথম পর্যায়ে আমরা এখানে বসেছি। দ্বিতীয় পর্যায়ে বগুড়ায় বসব এবং সেখানেই আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ, সাবেক মন্ত্রী আমিনুল হক, বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।