চারটি মুঠোফোন কোম্পানির কাছ থেকে প্রায় সাড়ে ৭০০ কোটি টাকার রাজস্ব আদায় করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য আজ রোববার সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। অভিযুক্ত চারটি কোম্পানি হলো গ্রামীণফোন লিমিটেড, টি এম ইন্টারন্যাশনাল (বর্তমানে রবি), প্যাসিফিক বিডি টেলিকম লিমিটেড (সিটিসেল) এবং সেবা টেলিকম প্রাইভেট লিমিটেড (বর্তমানে বাংলালিংক)। বৈঠক শেষে কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে এনবিআরের চেয়ারম্যান উপস্থিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে কমিটি। তবে পরবর্তী বৈঠকে তাঁকে উপস্থিত থাকতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে সংসদ অবমাননার অভিযোগ আনা হবে বলে কমিটি সূত্র জানায়। বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, ২০০৬ সালের আগস্ট থেকে ২০০৭ সালের মার্চ পর্যন্ত চারটি মুঠোফোন কোম্পানি সিমকার্ড ও রিমকার্ডের বিক্রয়মূল্যের ওপর সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করেনি। এতে সরকারের ৭৪১ কোটি ৬১ লাখ ৪৩ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। আদায়যোগ্য হওয়া সত্ত্বেও এই টাকা কেন আদায় করা হয়নি, এ বিষয়ে কমিটি তিন মাসের মধ্যে এনবিআরের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে। একই সঙ্গে এ-সংক্রান্ত প্রয়োজনীয় দলিলপত্র কমিটির বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।বৈঠক শেষে কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, ‘কমিটি বিশ্লেষণ করে দেখেছে, এনবিআর চারটি মুঠোফোন কোম্পানির কাছ থেকে রাজস্ব আদায় করেনি। তারা বলছে, উচ্চ আদালতের একটি আদেশের কারণে এই কর আদায়ের প্রক্রিয়া স্থগিত হয়ে আছে। কিন্তু তা ঠিক নয়। ওই সময় করা রিটটি আপিল বিভাগ স্থগিত করে দেন। ট্যারিফ মূল্যের আদেশটি বাতিল করা হয়নি।অন্যদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বিভিন্ন লিমিটেড কোম্পানি, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবাদানকারী ৫০টি প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন সেবা গ্রহণকারীর উেস মূল্য সংযোজন কর না কাটায় ২০৬ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। কমিটি তিন মাসের মধ্যে ওই ৫০টি প্রতিষ্ঠানের কাছ থেকে এই টাকা আদায়ের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।এ ছাড়া প্রকৃত বিক্রি অপেক্ষা কম বিক্রির হিসাব দেখিয়ে ভ্যাট দেওয়ায় সরকারের ৪৫ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ২৫০ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এই ক্ষতির সঙ্গে জড়িত সিমেক্স সিমেন্ট বাংলাদেশ, মীর সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, বিআইএসএফ লিমিটেড, এবং বাটা শু লিমিটেডের কাছ থেকে তিন মাসের মধ্যে এই টাকা আদায়ের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আলী আশরাফ, আবদুস শহীদ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, ইমাজ উদ্দিন প্রামানিক, খান টিপু সুলতান ও ফরিদা আখতার উপস্থিত ছিলেন।