৪০ কিলোমিটার যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাড়কের কুমিল্লা সেনানিবাসের সামনে থেকে দাউদকান্দির মেঘনা গোমতী সেতু পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় গতকাল বুধবার তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলায় রডবোঝাই একটি ট্রাক বিকল হলে যানজট দেখা দেয়। এদিকে নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেনকে হত্যার ঘটনায় গতকাল বুধবার সকাল থেকে নরসিংদীতে হরতাল চলায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কে চলাচল করা গাড়িগুলো সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার শুরু করে। ফলে গতকাল সারা দিন এই সড়কে যানজট ছিল। সন্ধ্যার পর বিভিন্ন স্থান থেকে যাত্রীবাহী বাস ছাড়া শুরু হলে যানজট তীব্র হয়। সকালে যানজটে আটকে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বিপাকে পড়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং বিভিন্ন কলেজের নির্বাচনী পরীক্ষার পরীক্ষার্থীরা।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভাঙাচোরা রাস্তার কারণে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরীতলায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি রডবোঝাই ট্রাকের চাকার এক্সেল ভেঙে যায়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। বুধবার (গতকাল) ভোর ছয়টার দিকে তাঁরা ট্রাকটি রাস্তার এক পাশে সরাতে সক্ষম হন। ট্রাকটি সরানোর আগ পর্যন্ত কুমিল্লা সেনানিবাস থেকে দাউদকান্দির শহীদনগর পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটারে গাড়ির জট সৃষ্টি হয়। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আরও বাস ছাড়লে যানজট আরও দীর্ঘ হয়। এ ছাড়া চান্দিনার মাধাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কারকাজ চলায় যানবাহনগুলো একপাশ দিয়ে ধীরে ধীরে চলেছে। সব মিলিয়ে যানজট ছড়িয়ে পড়ে কুমিল্লা সেনানিবাস থেকে দাউদকান্দি মেঘনা গোমতী সেতু পর্যন্ত। এসআই রফিকুল বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। দুর্ভোগ: সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের ইব্রাহীম খলিল ও ইরফান মোল্লা; বারপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের ইয়াসমিন আক্তার, হালিমা আক্তার ও নাসরিন আক্তারসহ অনেক জেএসসি পরীক্ষার্থী গতকাল তিন থেকে আট কিলোমিটার হেঁটে পরীক্ষা কক্ষে ঢুকে কান্নাকাটি শুরু করে। শিক্ষার্থীরা জানায়, তারা হেঁটে-দৌড়ে পরীক্ষা হলে পৌঁছায়। পরে পরীক্ষকদের সান্ত্বনায় তারা পরীক্ষা দেওয়া শুরু করে।গতকাল দাউদকান্দির বিভিন্ন কলেজে উচ্চমাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা ছিল। অনেক শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারেনি বলে জানা যায়।হানিফ পরিবহনের চালক শাহ আলম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তিনি চট্টগ্রাম থেকে বাস নিয়ে যাত্রা করেন। ভোর চারটার দিকে ঢাকায় পৌঁছার কথা ছিল। কিন্তু রাত তিনটার দিকে কুমিল্লা সেনানিবাস এলাকায় যানজটে আটকা পড়েন। গতকাল দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছাতে পারেন।দাউদকান্দির জুরানপুর গ্রামের শারমিন খন্দকার বলেন, নানা আমিন উদ্দিনকে (৮০) নিয়ে তিনি সকালে জুরানপুর থেকে উপজেলার গৌরীপুর আধুনিক হাসপাতালের উদ্দেশে রওনা হন। কিন্তু দাউদকান্দি বিশ্বরোড থেকে গৌরীপুর পর্যন্ত নয় কিলোমিটার পথ যানজটে আটকে থাকতে হয়। এতে তাঁর নানা আরও অসুস্থ হয়ে পড়েন।