৪০ কিলোমিটারের ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়কের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কংশনগর থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই অভিযান চালানো হয়। উচ্ছেদের সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী হাকিম ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করার জন্য ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সওজ বিভাগ সূত্রে জানা গেছে, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের উভয় পাশে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় অনেক অবৈধ স্থাপনা দীর্ঘদিন ধরে ব্যবহূত হয়ে আসছে। গতকাল সওজের উদ্যোগে কংশনগর, জাফরগঞ্জ, কালিকাপুর, চরবাকর, দেবীদ্বার, পান্নারপুল, কোম্পানীগঞ্জ, সংচাইল, ইউছুফপুর, শালঘর ও মাধবপুর এলাকার মহাসড়কের দুই পাশের দুই শতাধিক স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে কোম্পানীগঞ্জ বাজারের শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এর আগে ১৫ আগস্ট থেকে মাইকিং করে সড়কের দুই পাশের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়।সওজ কুমিল্লা অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সওজের জায়গা দখল করে এক শ্রেণীর অসাধু ব্যক্তি মহাসড়কে যান চলাচল ব্যাহত করছে। এরই আলোকে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। জানতে চাইলে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, সড়ক যোগাযোগ যাতে বিঘ্নিত না হয়, তাই এই অভিযান চালানো হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবদুর রহীম প্রথম আলোকে বলেন, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।উচ্ছেদ অভিযানের সময় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খোরশেদ আলম খান, দেবীদ্বার উপজেলার ইউএনও মো. হারুন-অর-রশীদ, মুরাদনগর উপজেলার ইউএনও নাজমা আক্তার, ব্রাহ্মণপাড়া উপজেলার ইউএনও মো. আজিজুর রহমানসহ আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।