৪০ টাকা ছাড়াল ডিমের হালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে খুচরা বাজারে ফার্মের মুরগির ডিমের হালি ছিল ৩৩ থেকে ৩৫ টাকা, সেই ডিম এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ২২ শতাংশের বেশি। এই হিসাব সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।একইভাবে ভালো মানের (ছোট দানা) মসুর ডালের কেজি ছিল ১১৩ থেকে ১১৫ টাকা। ঈদের পর সেই ডালের দাম এখন কেজিপ্রতি ১২০ থেকে ১২৬ টাকা।আবারও ৪০ টাকা ডিমের হালি: ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) তথ্য অনুযায়ী, ঢাকায় প্রতিদিন দেড় থেকে দুই কোটি ডিমের চাহিদা রয়েছে। কিন্তু পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সে অনুযায়ী ডিম বাজারে আসছে না। রাজধানীতে ডিমের বড় পাইকারি বাজার তেজগাঁওয়ে গতকাল ফার্মের প্রতি শ লাল ডিম ৯২০ এবং সাদা ডিম ৮৮০ টাকায় বিক্রি হয়েছে। দেশি ডিম বিক্রি হচ্ছে ৯২০ টাকায়। হাঁসের ডিমের দাম আরও বেশি, প্রতি শ ৯৫০ টাকা।তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আমানতউল্লাহ প্রথম আলোকে বলেন, রমজানে চাহিদা কম ছিল। তাই ডিমের সংকট ছিল না। কিন্তু এখন চাহিদা বেড়েছে। সে অনুযায়ী বাজারে ডিম আসছে না। তাই দাম একটু বেশি।বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দোকানে দেশি ও ফার্মের লাল ডিম বিক্রি হচ্ছে ৩৯ থেকে ৪২ টাকা হালি। আর ফার্মের সাদা ডিম ৩৭ থেকে ৩৯ টাকা। হাঁসের ডিমের হালি ৩৯ থেকে ৪৩ টাকা। বাজারে এক কেজি ওজনের ব্রয়লার মুরগি ১৬০, দেশি মুরগি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মো. মহসিন প্রথম আলোকে বলেন, একটি ফার্মের ডিমের উৎপাদন ব্যয় সাত টাকা ৯২ পয়সা। আর একটি মুরগির উৎপাদনে খরচ পড়ে ১৪৯ টাকা। তিনি বলেন, মুরগির খাবারের দাম এবং বাচ্চার দাম কমানো না গেলে ডিম ও মুরগির দামও কমানো সম্ভব হবে না।দাম কমলেও স্বস্তি নেই ডালে: রাজধানীর রহমতগঞ্জ ও নারায়ণগঞ্জের ডালপট্টিতে খোঁজ নিয়ে জানা যায়, ভালো মানের (নেপালি ও দেশি ছোট দানার ডাল) মসুর ডালের দাম কেজিতে তিন থেকে চার টাকা কমেছে। বৃহস্পতিবার এই ডাল ১২১ থেকে ১২২ টাকায় বিক্রি হলেও গতকাল দর ছিল ১১৮ টাকা কেজি।একইভাবে সাধারণ মানের (বড় দানা) মসুর ডালের পাইকারি দামও কমেছে। বৃহস্পতিবার এই ডাল ৭১ থেকে ৭২ টাকায় বিক্রি হলেও এখন প্রতি কেজির দর ৬৮ থেকে ৬৯ টাকা। অবশ্য দুই ধরনের মসুর ডালই ঈদের পর পাইকারিতে কেজিপ্রতি পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছিল।মুগ ডালের বাজার বেশ চড়া। ভালো মানের (ছোট দানা) প্রতি কেজি মুগ ডালের পাইকারি দাম এখন ১০৬ থেকে ১০৭ টাকা। ঈদের পর পাইকারিতে এই ডালের দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা। আর খুচরা দোকানে ছোট দানার মুগ ডাল বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা কেজি।