৪০ থেকে ৫০ মাস বেতন-ভাতা পান না কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল পরিমাণ কর বকেয়া থাকা, পৌর পরিষদে সমন্বয়হীনতাসহ নানা সমস্যায় বগুড়ার সান্তাহার পৌরসভায় অচলাবস্থা বিরাজ করছে। এতে করে উন্নয়ন তহবিলে বরাদ্দ ব্যাপক হারে কমে গেছে। ফলে পৌর এলাকার রাস্তাঘাট, পয়োনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।সান্তাহার একটি দ্বিতীয় শ্রেণীর পৌরসভা। এটি জন্মলগ্ন থেকেই নানা সমস্যায় জর্জরিত। দক্ষ পরিষদের অভাব, প্রয়োজনের তুলনায় বাড়তি লোকবল, বিপুল পরিমাণ বকেয়া করসহ নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এর কার্যক্রম। পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে পৌর কর্মচারীদের দপ্তরভেদে ৪০ থেকে ৫০ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। ফলে বছরের পর বছর ধরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানবেতর জীবন যাপন হচ্ছে। দীর্ঘ সময় বেতন-ভাতা না পাওয়ায় বেশির ভাগ কর্মচারীই নিয়মিত কর্মস্থলে হাজির হন না। কর্মচারীদের দায়সারা মনোভাবে সব কাজকর্মেই হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে।পৌর এলাকার সাঁতাহার মহল্লার বাসিন্দা রায়হানুল ইসলাম বলেন, লোকবল ও অর্থাভাবে পৌর কর্তৃপক্ষ শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় আলোর ব্যবস্থা করতে পারে না। ফলে রাতে অনেক এলাকা অন্ধকারে ডুবে থাকে। পৌর এলাকার বশিপুর গ্রামের বাসিন্দা রোস্তম আলী বলেন, ‘পাঁচ বছরেরও বেশি সময় ধরে শহরের বেশির ভাগ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে আছে। পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেও কাজ হচ্ছে না।পৌরসভার হিসাবরক্ষণ দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক পৌর কর্মচারী আক্ষেপ করে বলেন, বছরের পর বছর কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া পড়ে থাকলেও মেয়র-কাউন্সিলরদের কোনো ভাতা বকেয়া থাকে না। তাঁরা কর্মচারীদের সমস্যা নিয়ে ভাবার সময় পান না। খোঁজ নিয়ে জানা গেছে, পৌর আয় কমে যাওয়ায় প্রতিবছর পৌরসভার বার্ষিক বাজেটের পরিমাণ কমছে। একই সঙ্গে কমছে উন্নয়ন খাতে সরকারি বরাদ্দের পরিমাণ। গত অর্থবছরে পৌরসভার রাজস্ব খাতে আয়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় দেড় কোটি টাকা। কিন্তু আয় হয়েছে মাত্র ৪০ লাখ টাকা। একইভাবে উন্নয়ন খাতের জন্য সরকারি সাহায্যের লক্ষ্যমাত্রা ছিল ৭৩ লাখ টাকা। কিন্তু বরাদ্দ মিলেছে মাত্র ৫২ লাখ টাকা। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জার্জিস আলম বলেন, পৌরসভার কার্যক্রম শুরুর সময় থেকেই প্রয়োজনের তুলনায় বেশি কর্মচারী নিয়োগ দেওয়া হয়। বর্তমানে পৌর কর্তৃপক্ষ আর তাদের বেতন-ভাতা দিতে পারছে না। পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান যাবতীয় সমস্যার কথা স্বীকার করে বলেন, সরকারি দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের কর বকেয়া থাকায় কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া সম্ভব হয় না। তিনি আরও বলেন, পৌর নাগরিকদের স্বার্থ বিবেচনা করে কর বাড়ানো হয়নি। এর পরও নাগরিকেরা কর পরিশোধ না করায় সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে।