৪০ বছর পর বাংলাদেশে ‘একাত্তরের বন্ধু’ স্যালি
১৯৭১ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়। তত্কালীন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী। সেই সময়ে এ দেশের নিরস্ত্র-নিরপরাধ মানুষ হত্যায় ব্যবহারের জন্য অস্ত্রের রসদ পাঠানোর উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। ঠিক হয়, যুক্তরাষ্ট্রের বাল্টিমোর বন্দর থেকে পাকিস্তানি জাহাজ পদ্মায় করে পাঠানো হবে বিপুলসংখ্যক অস্ত্র-গোলাবারুদ। এর প্রতিবাদ জানান যুক্তরাষ্ট্রের শত শত তরুণ, শিক্ষার্থী, শান্তিকর্মীসহ নানা পেশার মানুষ। প্রতিবাদ করায় তাঁদের অনেককেই আটক করা হয় সেই সময়। এই প্রতিবাদী তারুণ্যেরই একজন ছিলেন স্যালি উইলোবি।বাংলাদেশের স্বাধীনতার চার দশক পূর্তির মুহূর্তে প্রথমবারের মতো বাংলাদেশে এলেন স্যালি। আজ সোমবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে বসে ৬৪ বছরের স্যালি উইলোবি শোনালেন সেই সময়কার কথা।স্যালির ভাষ্য, ‘আমার বয়স তখন ২৪, পড়াশোনা করছি। হঠাত্ একদিন শুনতে পেলাম বাল্টিমোর বন্দর থেকে পাকিস্তানি সেনাবাহিনীর জন্য অস্ত্র নিয়ে একটি জাহাজ করাচি যাবে। আর সেই অস্ত্র ব্যবহার করা হবে নিরস্ত্র মানুষ হত্যায়। আমরা এটা থামাতে চাইলাম।’ এর পর শুরু হলো ভাবনা অনুযায়ী কাজ। শত শত শান্তিকামী মানুষ বাল্টিমোরের বন্দরে জমায়েত হলেন। তাঁরা কিছুতেই জাহাজটি ছাড়তে দেবেন না। প্রতিবাদ করলেন, করলেন বিক্ষোভও।মার্কিন পুলিশ সেখান থেকে স্যালিসহ ৪০-৫০ জন প্রতিবাদকারীকে আটক করল। অবশ্য এক দিন পরই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু স্যালিদের সেদিনের সেই প্রতিবাদ আর প্রতিরোধের কারণেই অস্ত্র নিয়ে জাহাজটি আর করাচি পৌঁছাতে পারেনি।প্রথম আলোর পক্ষ থেকে স্যালির কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন তিনি সেই প্রতিবাদে যোগ দিয়েছিলেন? জবাবে তাঁর সরল স্বীকারোক্তি, বাংলাদেশ বা তত্কালীন পূর্ব পাকিস্তান সম্পর্কে তিনি তেমন কিছুই জানতেন না। শুধু এটুকু বুঝতে পেরেছিলেন, এই অস্ত্রগুলো দিয়ে সেখানকার নিরস্ত্র মানুষদের হত্যা করা হবে। তাই তিনি ও তাঁর মতো অনেকেই এর বিরোধিতা করেছিলেন।স্যালির পারিবারিক ঐতিহ্যই তাঁকে শান্তির স্বপক্ষের কর্মী বানিয়েছে বলে তিনি মনে করেন। এই শান্তিকর্মী জানালেন, তাঁর বাবা জর্জ উইলোবি ও মা লিলিয়ান উইলোবি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময় থেকেই বিশ্বে যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। অনেকবার কারাবরণ করেছেন তাঁরা কিন্তু থেমে থাকেননি। তাঁর মা ৯০ বছর বয়সেও ইরাক-যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরার জন্য আটক হয়েছেন।প্রায় না জেনেই যে দেশের মানুষের বিপদের দিনে পাশে দাঁড়িয়েছিলেন, ৪০ বছর পর আমন্ত্রণ পেয়ে সে দেশে এসে কেমন লাগছে—জানতে চাইলে স্যালি বলেন, ‘এটা আনন্দের। আমি অভিভূত। আমি সম্মানিত বোধ করছি।’ তবে মনে করিয়ে দিলেন, ওই মুহূর্তে একজন সচেতন মানুষ হিসেবে সেটাই তাঁর কাজ ছিল। একে তিনি ‘জীবনেরই অংশ’ মনে করেন। যাওয়ার আগে বলতে ভুললেন না, এ দেশের মানুষের আন্তরিকতায় তিনি মুগ্ধ। যানজটটাই যা একটু খারাপ লেগেছে!স্যালি উইলোবির সঙ্গে এই আলাপচারিতায় উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুমসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা। আলাপচারিতার সঞ্চালক ছিলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক।