৪০ বছরের কম বয়সীদের হজে পাঠানোর ব্যাপারে সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ বছরের নিচে বয়স, এমন ব্যক্তিদের হজে পাঠানোর ব্যাপারে সতর্কতা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে বিভিন্ন হজ এজেন্সিকে চিঠি পাঠিয়ে এই সতর্কতার কথা জানানো হয়। তাতে বলা হয়েছে, ৪০ বছর বয়সী বা এর নিচে কোনো হজযাত্রী যদি সৌদি আরবে গিয়ে আর দেশে ফেরত না আসেন, তাহলে সংশ্লিষ্ট হজ এজেন্সির বিরুদ্ধে আদম পাচারের দায়ে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে লাইসেন্স বাতিল ও সংশ্লিষ্ট এজেন্সির জামানত বাজেয়াপ্ত করা হবে।তাই ৪০ বছরের কম বয়সী ব্যক্তিরা প্রকৃত হজযাত্রী কি না, হজে পাঠানোর আগে তাঁদের সামাজিক ও আর্থিক মর্যাদা ভালোভাবে যাচাই-বাছাই করতে ধর্ম মন্ত্রণালয় থেকে এর আগে একাধিকবার এজেন্সিগুলোকে বলা হয়েছে। পুনরায় সতর্ক করে দেওয়া সাম্প্রতিক চিঠিতে বলা হয়েছে, হজ শেষে কেউ ফেরত না এলে তার পুরো দায়দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে।ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এজেন্সিগুলোর মাধ্যমে যাঁরা হজে যাবেন, তাঁদের একটি তথ্যভান্ডার পুলিশের বিশেষ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি হজযাত্রীদের পুলিশি প্রত্যয়নের জন্য গতকাল সোমবার পর্যন্ত ৩০৫টি এজেন্সির ৮২ হাজার ৭৬২ জন হজযাত্রীর জেলা ও থানাওয়ারি তালিকা পাঠানো হয়েছে। আটটি হজ এজেন্সির তালিকা এখনো পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এর আগে গত ২৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো হজযাত্রী দেশে ফিরে না এলে সংশ্লিষ্ট হজ এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গাদের অবৈধভাবে হজে গমন রোধে আয়োজিত ওই বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছিলেন, পুলিশের তদন্ত প্রতিবেদনের ওপর হজে যেতে আগ্রহী ব্যক্তিদের পাসপোর্ট ও ভিসা দেওয়া হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ পালনের নামে মিয়ানমারের রোহিঙ্গা, চাকরিসন্ধানী ও অপরাধীরা যেন দেশত্যাগ করতে না পারে, সে জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়।এদিকে সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে ভ্যাকসিন দেওয়া এবং নির্ধারিত কার্ডে স্বাস্থ্য সনদ ইস্যু করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে হজযাত্রীরা কোথায় এ স্বাস্থ্য পরীক্ষা করাবেন, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে পরে সমস্যা দেখা দিতে পারে—ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৯৩ হাজার ৮৬৫, যা গত বছরের প্রায় দ্বিগুণ। গত বছর এ সংখ্যা ছিল ৫৮ হাজার ৯০।