৪০ মিলিয়ন ইউয়ান অনুদান দিচ্ছে চীন: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বেইজিং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশকে ৪০ মিলিয়ন ইউয়ান অনুদান দিচ্ছে চীন। এ বিষয়ে কাল সোমবার একটি চুক্তি সই হবে। চুক্তিতে সই করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত চীনা ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং দুই দিনের সফরে কাল সোমবার সকালে ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান।দীপু মনি বলেন, গত মার্চে দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হচ্ছে, তা শি জিনপিংয়ের এ সফরের সময় খতিয়ে দেখা হবে। এ ছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।দীপু মনি জানান, প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় চীন মহাকাশে উপগ্রহ উেক্ষপণে বাংলাদেশকে সহযোগিতা করতে চেয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য সে দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের দুটি আলাদা প্রতিনিধিদল বাংলাদেশে এসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। চীনের ভাইস প্রেসিডেন্টের সফরের সময় এ বিষয়ে পর্যালোচনা হবে।পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফিরতি সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং। ঢাকা সফরের সময় তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ এবং সংসদে বিরোধীদলীয় নেতা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশ সফরের সময় চীনের ভাইস প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ মার্চ চার দিনের সফরে বেইজিং যান। বৈঠক শেষে অর্থনৈতিক সহযোগিতা ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে চারটি চুক্তি সই হয়। দুই নেতার শীর্ষ বৈঠকের সময় চীনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশকে দেওয়া ঋণ মওকুফ করা হবে।