বাংলাদেশের জনসংখ্যার ২৩ শতাংশ হচ্ছে কিশোর-কিশোরী। এদের সংখ্যা প্রায় চার কোটি। এরাই দেশের ভবিষ্যৎ, আগামী দিনের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ এদের প্রায় ৪০ শতাংশ তীব্র অপুষ্টির শিকার। এসব কিশোর-কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার দায়িত্ব মা-বাবা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের।প্রথম আলো কার্যালয়ে গতকাল সোমবার ‘জাতীয় কৈশোর প্রজননস্বাস্থ্য কৌশলপত্রের বাস্তবায়ন ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। এ গোলটেবিল বৈঠক আয়োজনে প্রথম আলোকে সহযোগিতা করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, বেসরকারি প্রতিষ্ঠান প্লান বাংলাদেশ এবং কানাডার দাতা সংস্থা কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা)।গোলটেবিলের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী বলেন, এ দেশে যৌতুকবিরোধী ও বাল্যবিবাহ-সংক্রান্ত আইন দুটি সবচেয়ে কম মানা হয়। এ দুটি আইন মানা হলে নারীর প্রতি সহিংসতা কমত। তিনি বলেন, কৈশোর প্রজননস্বাস্থ্যের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সবারই উদ্যোগী হওয়া উচিত।মূল বক্তব্য উপস্থাপনকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মসূচি ব্যবস্থাপক (সিএ অ্যান্ড এসএস) বিষ্ণুপদ ধর দেশে কৈশোর-স্বাস্থ্যের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দেশের ৩৯ দশমিক ৪ শতাংশ কিশোর-কিশোরী তীব্র অপুষ্টির শিকার। এদের ৪৭ দশমিক ৩ শতাংশ শারীরিক বা যৌন হয়রানির শিকার। কিশোরী মায়েদের মধ্যে মাতৃমৃত্যুহার চার গুণ বেশি। কিশোরী মায়েদের নবজাতকের মৃত্যুহারও বেশি। ১০-১৪ বছর বয়সী কিশোরীদের ১১ শতাংশ এবং ১৫-১৯ বছর বয়সীদের ৪৬ শতাংশ বাল্যবিবাহের শিকার। তিনি জানান, ২০০৩ সালে কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্যবিষয়ক কৌশলপত্র প্রণয়নের কাজ শুরু হয়। তা চূড়ান্ত হয় ২০০৬ সালে। কৌশলপত্রে ছয়টি লক্ষ্য এবং লক্ষ্য বাস্তবায়নে ১৫টি কৌশলের উল্লেখ আছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন বলেন, সরকারি কৌশলপত্রে মূলত কিশোরীদের প্রজননস্বাস্থ্যের বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে। কিশোর-কিশোরীদের পুষ্টি ও মানসিক স্বাস্থ্যের বিষয়গুলোতে জোর দেওয়া দরকার।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মনোরোগ চিকিৎসক মেহতাব খানম বলেন, সমস্যা সমাধানের জন্য কাজের অগ্রাধিকার ঠিক করা দরকার। তা করতে গেলে গবেষণাভিত্তিক তথ্য ও উপাত্ত দরকার। গবেষণার ভিত্তিতে অগ্রাধিকার ঠিক করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা উচিত।একাধিক বক্তা ২০০৬ সালে কৈশোর প্রজননস্বাস্থ্য কৌশল চূড়ান্ত হলেও এখনো কর্মপরিকল্পনা তৈরি না হওয়ায় সরকারের কাজের সমালোচনা করেন।অবশ্য জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহকারী প্রতিনিধি নূর মোহাম্মদ বলেন, সরকার ইতিমধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে, এটি ইতিবাচক দিক। কৌশলপত্রের কিছু বিষয় এনজিওরা বাস্তবায়ন করছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা) জাফর আহমেদ হাকিম জানান, মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা সহকারী ও স্বাস্থ্য সহকারীরা তাঁদের কাজের পাশাপাশি কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য সেবা দেন। স্বাগত বক্তব্যে প্লান বাংলাদেশের এ দেশীয় পরিচালক অ্যাডওয়ার্ড টমাস এসপে বলেন, কিশোর-কিশোরীদের সমর্থনে সবারই এগিয়ে আসা উচিত। অনুষ্ঠানে একাধিক বক্তা নিজের কিশোর বয়সের অভিজ্ঞতা বা নিজের কিশোর বয়সী সন্তানের কথা তুলে ধরেন। তিন ঘণ্টার অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।প্লান বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা সেলিনা আমিন বলেন, প্রজননস্বাস্থ্য বিষয়ে কিশোর-কিশোরীদের সচেতন করার ক্ষেত্রে মা-বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।আইসিডিডিআরবির জ্যেষ্ঠ গবেষক কামরুন নাহার বলেন, বর্তমান সময়ে নানা মাধ্যম থেকে পাওয়া তথ্যের বন্যার মধ্যে আছে কিশোর-কিশোরীরা। কিন্তু তাদের জন্য দরকার সঠিক তথ্য। তিনি বলেন, ‘এসব বিষয়ে দীর্ঘ দিন গবেষণা করলেও আমরা অনেকে নিজেদের ছেলেমেয়ের সঙ্গে প্রজননস্বাস্থ্য বিষয়ে খোলামেলা কথা বলতে পারি না।’অনুষ্ঠানে অনেকেই প্রজননস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকার কথা বলেন। প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞ মোমেনা খাতুন বলেন, কিশোর বয়সে চিকিৎসাসেবার বেশি দরকার হয় না। তাদের দরকার সঠিক তথ্য। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কর্মকর্তা রূহ আফজা বলেন, প্রথম আলোর ৬৪ জেলার বন্ধুসভার কর্মীরা এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এ প্রসঙ্গে বলেন, গুরুত্বপূর্ণ এ বিষয়ে প্রথম আলোর আগ্রহ আছে। কিন্তু সবকিছু লেখা বা সব তথ্য দেওয়া সম্ভব হয় না। তিনি সহনীয়ভাবে তথ্য উপস্থাপন ও ‘ট্যাবু’ (নিষিদ্ধ বিষয়) ভাঙার ব্যাপারে পরামর্শ চান।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রাথমিক স্বাস্থ্যপরিচর্যা) এ বি এম জাহাঙ্গীর আলম বলেন, কিশোর বয়সীরা সবকিছু জানতে, দেখতে ও বুঝতে চায়। অনেক সময় তথ্য পাওয়া বা সমস্যায় পড়লে পথ খোঁজা তাদের জন্য কঠিন হয়। এ ক্ষেত্রে সবার আগে মা-বাবাকেই এগিয়ে আসতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শেহলীনা আহমেদ বলেন, কিশোর-কিশোরীদের জন্য সরকারের কর্মসূচি মাত্র একটি। তাদের পুষ্টি বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগ নিতে পারে। বেশ কয়েক বছর ধরে কৈশোর-স্বাস্থ্য নিয়ে কাজ করা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির মহাপরিচালক জহির উদ্দিন আহমেদ বলেন, ৭২টি ইউনিয়নে কাজের অভিজ্ঞতায় দেখা গেছে, সেবাকেন্দ্রে কিশোর-কিশোরীরা নিজেদের জন্য একটু পৃথক জায়গা চায়।বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হরিশ কুমার বলেন, কৈশোর প্রজননস্বাস্থ্য কিছুটা জটিল বিষয়। এ ক্ষেত্রে বহুপক্ষীয় সংশ্লিষ্টতা দরকার। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কৈশোর প্রজননস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।বেসরকারি প্রতিষ্ঠান এনজেন্ডারহেলথের দেশীয় প্রতিনিধি আবু জামিল ফয়সাল বলেন, মানুষকে সচেতন করার ক্ষেত্রে সমাজকল্যাণ, শিক্ষা, যুব মন্ত্রণালয়ের ভূমিকা বেশি। সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে বাল্যবিবাহ বন্ধ হবে না। বন্ধ্যা অপবাদ না নেওয়ার জন্য অনেক কিশোরী বিয়ের পরপরই সন্তান নেয়।করণীয় বিষয়ে বেসরকারি সংস্থা হাসাবের নির্বাহী পরিচালক নাজনীন আখতার বলেন, সচেতনতা বাড়ানোর জন্য যুব মন্ত্রণালয়ের সারা দেশের ক্লাবগুলোকে ব্যবহার করা যায়। প্রান্তিক কৈশোরদের (মাদকাসক্ত, প্রতিবন্ধী, হিজড়া) বিষয়ে সবার আরও মনোযোগী হওয়া দরকার। প্রজননস্বাস্থ্য নিয়ে কাজ করে এমন এনজিওদের মোর্চা নিয়ার্সের চেয়ারপারসন রেজাউল হক বলেন, দুর্যোগকালে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের ব্যাপারে সংশ্লিষ্টদের আরও মনোযোগী হওয়া দরকার। স্বাস্থ্য অধিদপ্তরের প্রজননস্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক কাজী হাবিবুর রহমান বলেন, কৈশোর প্রজননস্বাস্থ্য বেশ কিছুটা উপেক্ষিত বিষয়। এ ক্ষেত্রে সরকার, এনজিও এবং ব্যক্তি-প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।অনুষ্ঠানের শেষপর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল কাইয়ূম বলেন, আজ যারা কিশোর-কিশোরী তারাই আগামী দিনের অর্থনীতির মূল চালিকাশক্তি। এসব কিশোর-কিশোরীর স্বাস্থ্যের দায়িত্ব মা-বাবা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের। তিনি বলেন, সমস্যা চিহ্নিত করার পর অভিজ্ঞতার ভিত্তিতে কর্মপরিল্পনা তৈরি করা দরকার। পরিকল্পনায় মাপযোগ্য লক্ষ্যমাত্রা এবং কার কী ভূমিকা তা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে।