৪০ হাজার শিক্ষার্থী দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৌগোলিক কারণেই বগুড়া শহর উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র। এখানে ব্যবসাপ্রতিষ্ঠান ও লোকসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। বগুড়া শহরে অন্তত ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী আবাসন-সংকটে ভুগছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধিকাংশ শিক্ষার্থীর আবাসনব্যবস্থা না থাকায় বেশির ভাগ শিক্ষার্থীকে বেসরকারিভাবে গড়ে ওঠা ছাত্রাবাসে থাকতে হচ্ছে। এসব ছাত্রাবাসেও একদিন উজ্জ্বল ভবিষ্যতের আশায় নানা সমস্যার মধ্য দিয়ে দিনাতিপাত করে শিক্ষার্থীরা। অধিকাংশ ছাত্রাবাসেই রয়েছে রাজনৈতিক দলের কিংবা সন্ত্রাসীদের তৎপরতা। এসব সংগঠনের নেতা কিংবা সন্ত্রাসীদের মন জুগিয়ে চলতে না পারলে ছাত্রাবাসের বাসিন্দাদের হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া শহরে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। জেলা শহরে অবস্থিত এসব শিক্ষাপ্রতিষ্ঠান হলো—সরকারি আযিযুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, জাহিদুর রহমান মহিলা কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বিয়াম মডেল স্কুল ও কলেজ, পুলিশ লাইনস স্কুল ও কলেজ, বগুড়া মহিলা কলেজ, বগুড়া আদর্শ কলেজ, বগুড়া কলেজ, বাণিজ্যিক মহাবিদ্যালয়, বগুড়া আর্ট কলেজ, নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ।এসব প্রতিষ্ঠানে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ৭৫ ভাগ শিক্ষার্থী গ্রাম বা অন্য কোনো জেলা থেকে পড়তে এসেছে শহরে। এদের মধ্যে স্কুলপর্যায় থেকে রয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়েরও শিক্ষার্থী। সরেজমিন বেশ কয়েকটি ছাত্রাবাস ঘুরে গত কয়েক দিনে দেখা গেছে, শিক্ষার্থীরা কতটা কষ্টের মধ্যে থেকে লেখাপড়া করছে। একটি ঘরে চারজন থেকে আটজন পর্যন্ত গাদাগাদি করে থাকছে। আড়াই শ থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত প্রতি শয্যার ভাড়া।সরকারি আযিযুল হক কলেজের অর্থনীতির তৃতীয় বর্ষের ছাত্র রাশেদুজ্জামান বলেন, ‘আমাদের প্রায়ই মেস পাল্টাতে হয়। বিভিন্ন সমস্যায় এ কাজ করতে হয়। এসব কারণের মধ্যে রয়েছে মেসগুলোতে রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসীদের চাপ, নিম্নমানের খাবার, টয়লেট সমস্যা ইত্যাদি। একই কলেজের শিক্ষার্থী আরিফুল হক বলেন, গত দুই বছরে এসব সমস্যায় তাকে চারটি মেস বদলাতে হয়েছে।এদিকে ছাত্রীনিবাসগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা না থাকায় ঝুঁকির মধ্যেই বসবাস করতে হচ্ছে ছাত্রীদের। এসব মেসে বখাটেদের অত্যাচার লেগেই থাকে। তবে কিছু ছাত্রীনিবাসের মালিক নিরাপত্তার ব্যাপারে যত্নশীল হওয়ায় সেখানে কোনো সমস্যা হচ্ছে না।