সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত বিশেষ কমিটির
৪০০ আসনের জাতীয় সংসদ গঠনের আলোচনা
জাতীয় সংসদের আসনসংখ্যা ৪০০ করা যায় কি না, তা খতিয়ে দেখছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি।সে ক্ষেত্রে নারীদের জন্য সংরক্ষিত আসন হবে ১০০ এবং তাতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।সীমানা নির্ধারণ আইন সংশোধনের মাধ্যমে সংসদের আসন ৪০০-তে উন্নীত করা হবে বলে জানা গেছে।নারীদের জন্য সংরক্ষিত আসনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে কেবল নারীরাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।বর্তমানে সংসদ ভবনের অধিবেশনকক্ষে সাংসদদের বসার জন্য ৩৫৪টি আসন রয়েছে। আসনসংখ্যা ৪০০-তে উন্নীত করা হলে আসনবিন্যাস নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে—এটি মাথায় রেখে কমিটি কাল এক সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করবে বলে জানা গেছে। আলোচনার পর এ নিয়ে একটি প্রস্তাবনা চূড়ান্ত করা হবে। সে ক্ষেত্রে সংসদের অধিবেশনকক্ষে ভিআইপি গ্যালারির আয়তন কমানো হতে পারে।বিশেষ কমিটি সংসদের ‘ফ্লোর ক্রসিং’-সংক্রান্ত বহু বিতর্কিত ৭০ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করারও সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিশেষ কমিটির বেশির ভাগ সদস্যের মত হলো সংবিধানের ৭০ অনুচ্ছেদটি অবিকল ১৯৭২-এর সংবিধানের মতো করা। এ সংশোধনী হলে সাংসদেরা সংসদে শুধু তাঁর দলের বিরুদ্ধে ভোট দিলে তাঁর আসনশূন্য হবে। নিজ দলের মতের বিরুদ্ধে ভোট না দিলে কারও সদস্যপদ যাবে না। বর্তমানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সাংসদ দলের বিরুদ্ধে ভোট দেওয়া তো দূরের কথা ভোট গ্রহণের সময় সংসদে অনুপস্থিত থাকলেও তার সদস্যপদ খারিজ হয়ে যায়।কমিটির সদস্য আবদুল মতিন খসরু এই বিষয়ে বলেন, সংসদের আসনসংখ্যা ৪০০-তে উন্নীত করা, ১০০টি আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং এসব আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত করা যায় কি না, সে বিষয়ে একমত হয়েছেন তাঁরা। তবে কোন প্রক্রিয়ায় আসন বাড়ানো হবে, সে বিষয়ে কাল বুধবারের সভায় সিদ্ধান্ত হবে।কমিটির অন্য সদস্য রাশেদ খান মেনন জানান, ৭০ অনুচ্ছেদ সংশোধনের ব্যাপারে সবাই একমত। তবে কতটুকু পরিবর্তন হবে, সে বিষয়ে কমিটির সদস্যদের মধ্যে দ্বিমত রয়েছে।সংবিধানের বর্তমান বিধান অনুযায়ী জাতীয় সংসদের আসনসংখ্যা ৩০০। এর বাইরে ৪৫টি আসন নারীদের জন্য সংরক্ষিত। তবে সংরক্ষিত আসনের নারী সাংসদদের কোনো নিজস্ব নির্বাচনী এলাকা নেই। এ-সংক্রান্ত ৬৫ অনুচ্ছেদের বিধান অনুযায়ী নবম সংসদের প্রথম বৈঠক থেকে ১০ বছর শেষ হওয়ার পর ওই সংসদ ভেঙে যাওয়ার আগ পর্যন্ত ৪৫টি আসন নারীদের জন্য সংরক্ষণ করা থাকবে। সংসদে বিভিন্ন দলের যে পরিমাণ প্রতিনিধিত্ব রয়েছে, তার আনুপাতিক হারে দলগুলোর জন্য সংরক্ষিত আসন বণ্টন হবে এবং এসব নারী সাংসদেরা নির্বাচিত সাংসদদের ভোটে নির্বাচিত হবেন।টেকনোক্র্যাট মন্ত্রীর বিধান সংশোধন: বর্তমানে সংবিধানের ৫৬ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মতৈক্য হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী প্রধানমন্ত্রী যে সংখ্যা নির্ধারণ করবেন, সে অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। মোট মন্ত্রীদের ১০ ভাগের নয় ভাগ সাংসদদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। বাকি এক ভাগ টেকনোক্র্যাট কোটায় নিয়োগ করা যাবে।এই বিধানের আওতায় বর্তমান সরকারের আমলে আইনমন্ত্রী শফিক আহমেদ এবং বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানকে নিয়োগ দেওয়া হয়েছে।কমিটির অধিকাংশ সদস্য এই বিধানটি সংশোধনের পক্ষে। তাঁরা এ-সংক্রান্ত ১৯৭২ সালের অনুচ্ছেদটি ফিরিয়ে আনতে চান। তাতে বলা হয়েছিল, মন্ত্রীপদে নিযুক্ত হওয়ার সময় কোনো ব্যক্তি সাংসদ না হয়ে থাকলে, নিয়োগের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসতে হবে। তা না হলে তিনি মন্ত্রীপদে থাকার যোগ্য হবেন না।