৪০০ বছর বয়সী ঢাকায় এ এক কালো অধ্যায়
‘হ্যাগো মনে যা চাইছে, তাই করছে। ইসলামের হেফাজত করতে আইয়া কোরআনে আগুন দিছে। আমাগো হগ্গল কিছু শ্যাষ কইরা দিয়া গেছে।’ বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন সেলিম গাজী। চাঁদপুরের সেলিম গাজীর ইলেকট্রিক সামগ্রীর একটি দোকান ছিল মসজিদের প্রবেশপথসংলগ্ন ফুটপাতে। মালামাল ছিল প্রায় তিন লাখ টাকার। গতকাল সকালে এসে দেখেন, সব পুড়ে ছাই। ব্যবসায়ীরা জানান, দৈনিক বাংলা মোড় থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত শুধু বায়তুল মোকাররমসংলগ্ন ফুটপাতে দোকান ছিল ২৫৮টি। এর মধ্যে প্রায় শ দেড়েক সম্পূর্ণ, বাকিগুলো আংশিক পুড়েছে।মসজিদের পশ্চিম দিকে জিপিওর বিপরীতে বায়তুল মোকাররম মার্কেটের সামনের মার্কেটের কম্বল ও ট্রলি ব্যাগ বিক্রেতা আবুল কাশেম, জুতা বিক্রেতা হাবিবুর রহমান, আক্তার হোসেন, মোহাম্মদ আলমরা হা-হুতাশ করছিলেন পুড়ে যাওয়া দোকানের ছাই-কয়লার স্তূপের সামনে। সিটি করপোরেশনের কর্মীরা ঝাড়ু দিয়ে সব ভস্ম ময়লার গাড়িতে তুলছিলেন। ব্যবসায়ীরা সখেদে বলছিলেন, ‘দ্যাখেন, দ্যাখেন, এই গুলানই ছিল আমাদের মালামাল। শফী হুজুর আইসা দেইখা যান, আপনার সাঙ্গপাঙ্গরা কী করছে।’বায়তুল মোকাররমের দক্ষিণের প্রবেশপথের দুই পাশের সড়কে কিছুদূর পর পরই স্তূপ করে রাখা হয়েছে আধপোড়া বই। তাতেই চোখে পড়ল পবিত্র কোরআন শরিফের পাতা ও হাদিসের বই। অসাবধানতাবশত কেউ পা দিয়ে ফেলতে পারেন, সে জন্য আধপোড়া পাতাগুলো সব জড়ো করে ঘিরে রাখা হয়েছে। এখানে হাফেজ মো. শাহাদত হোসেনের দুটি দোকান ছিল। বই ছিল প্রায় সাড়ে চার লাখ টাকার। সব পুড়ে ছাই। দক্ষিণ গেটে ইসলামি বইয়ের দোকান ছিল ১৩টি। আটটি পুরোপুরি পুড়ে গেছে।সামনে পবিত্র শবে বরাত, তারপর রমজান মাস। তাই দোকানে অনেক টুপি, তসবি, জায়নামাজ তুলেছিলেন তৈয়বুর রহমান। আগুন থেকে কিছুই রক্ষা পায়নি। ব্যবসায়ীদের কেউ কেউ ২৫-৩০ বছর ধরে এখানে ব্যবসা করছেন। তাঁদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ‘দ্যাশে এত আন্দোলন, এত কিছু হইল। আমাগো মালামালে কেউ কোনো দিন হাত দেয়নি। অবস্থা গরম হইলে দোকান বাইন্ধা ফুটপাতে রাইখা চলে যাইতাম। ঠান্ডা হইলে দোকান খুইল্যা বইতাম। কিন্তু ধর্মের কথা কইয়া, এরা যা করছে তা কেউ করে নাই। অগো কি ধর্ম আছে, ধর্ম থাকলে কেউ এমন কাজ করতে পারে!’বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান বলছিলেন, দোতলার চারটি দোকান পুড়েছে। কানিজ, লতিফ, মনিকাঞ্চন জুয়েলার্স পুড়ে গেছে। আরও কয়েকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এই মার্কেটটি মসজিদেরই অংশ। এতে আগুন দেওয়া মসজিদে আগুন দেওয়ার শামিল। স্টেডিয়াম মার্কেটের অধিকাংশ ইলেকট্রনিকস দোকানের সাইনবোর্ড, দরজা ও সামনের কাচ এবং বহু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ভাঙচুর করা হয়েছে। সিঙ্গারের বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানালেন, তাঁদের দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আর দোকানের কাচ ভেঙেছে। গতকাল সকালে মতিঝিলকে দেখাচ্ছিল যুদ্ধবিধ্বস্ত শহরের মতো। পথে পথে অজস্র ইটের টুকরো, কাচ, পোড়া কাঠ, টায়ার, ছাই-কয়লার স্তূপ। পুরানা পল্টন মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত পথের মাঝের বিভক্তি লন্ডভন্ড। গাছগুলো উপড়ে ফেলা হয়েছে। দোকানের সাইনবোর্ড খসে পড়েছে পথে। দুই পাশের ভবনগুলোর কাচ চুরমার। দরজা-জানালা ভাঙা। কোনো কোনোটি আগুনে পোড়া। বায়তুল মোকাররম মসজিদের উত্তরের প্রবেশপথের সামনের পথে পড়ে আছে একটি অগ্নিদগ্ধ বাসের কাঠামো। দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল পানির ট্যাংক হয়ে পল্টন থানা এবং সেখান থেকে বিএনপির কার্যালয়ের সামনের পথ ধরে কাকরাইল মোড় পর্যন্ত পথের মাঝের বিভক্তি বিধ্বস্ত। দেবদারুগাছগুলো সমূলে উৎপাটিত। বিশেষ করে, পল্টন মোড় থেকে বিজয়নগর মোড় পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম সড়কের মাঝের ছায়াদানকারী বড় বড় মেহগনিগাছগুলো কেটে ফেলা হয়েছে বৈদ্যুতিক করাত দিয়ে। গাছগুলো হুমড়ি খেয়ে পড়ে ছিল পথের ওপর, যেন বেওয়ারিশ লাশ। এর আগে জামায়াত-শিবিরের হরতাল সহিংসতার সময় এভাবেই গাছ কাটা হয়েছিল সাতক্ষীরা, সাতকানিয়া, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায়। গতকাল ভোর থেকেই আকাশ ছিল মেঘলা। মতিঝিলের বাতাসে ভাসছিল ধোঁয়াটে গন্ধ। যানবাহনের চলাচল ছিল কম। অনেকে তাদের সেলফোনের ক্যামেরায় অকল্পনীয় এই বিপর্যয়কর দৃশ্যের ছবি তুলে রাখছিলেন। এক গভীর বিষাদ চেপে বসেছিল মানুষের মনে। নিজেদের মধ্যেই তাঁরা এমন বলাবলি করছিলেন যে—টিভিতে ফিলিস্তিনের ওপর যেমন ইসরায়েলের হামলার দৃশ্য দেখা যায়, যেমন দেখা যায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান বা সিরিয়ার শহরগুলোর দৃশ্য, মতিঝিলকেও ঠিক তেমনি দেখাচ্ছে। চার শতাব্দীর পুরোনো ঢাকার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকল এই নারকীয় তাণ্ডব।