বরগুনার বেতাগী উপজেলার আলীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি পাকা ও একটি টিনশেড ভবন ২০০৬ সালের মে মাসে পাশের বিষখালী নদীতে বিলীন হয়ে যায়। ১৯৩৫ সালে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের প্রত্যন্ত জেলে অধ্যুষিত আলীয়াবাদ গ্রামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এসব স্থাপনা বিলীন হওয়ার পর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি সুলতান মল্লিকের বাড়ির পাশে বিষখালী নদীর তীরে একচালা একটি ছাপড়া ঘর তুলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি একচালা ছাপড়া ঘরে গাদাগাদি করে বসিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ৪০০ শিশু শিক্ষার্থীকে শিক্ষকেরা পাঠদান করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান বলেন, ‘সিডর ও আইলায় ছাপড়াটুকুও ভেঙে যায়, এরপর দীর্ঘদিন তাঁবুর নিচে ক্লাস হয়েছে। পরে এলাকার লোকজনের কাছ থেকে চেয়ে-চিন্তে এ ছাপড়াটুকু নতুন করে দিয়েছি। কিন্তু এখন চারপাশে বেড়া না থাকায় প্রচণ্ড শীতে বাচ্চাদের কষ্টের সীমা নেই। আর নদীতে ভরা জোয়ার এলে বিদ্যালয় ছুটি দিয়ে দিই।’ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির বলে, ‘একটা ঘরে এত ছাত্রছাত্রী ক্লাস করতে কষ্ট হয়। জোয়ারে পানি ওঠে, শীতে কষ্ট পাই। আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারি না। বর্ষার সময় বেঞ্চে পা তুলে ক্লাস করি।’ আলীয়াবাদ গ্রামবাসী সূত্রে জানা যায়, বিষখালী নদীগর্ভে বিলীনের পর সাবেক ইউপি সদস্য আজিজ হাওলাদার ও এলাকার লোকজন মিলে পুনরায় আগের জায়গার কাছে বিদ্যালয়টি নির্মাণের স্থান নির্ধারণ করেন। ২০০৭ সালের মাঝামাঝি বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণব কুমার সরেজমিনে যাচাই করে ওই স্থানে বিদ্যালয় নির্মাণের জন্য সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করেন। কিন্তু এতে আপত্তি তোলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির তত্কালীন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ মৃধা। তিনি দাবি তোলেন, নতুন বিদ্যালয় হবে নির্ধারিত স্থানের এক কিলোমিটার পূর্বে দক্ষিণ কালিকাবাড়ী এলাকায়, তাঁর বাড়ির পাশে। এ নিয়ে আজিজ হাওলাদার ও আজিজ মৃধার মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে কয়েক বছর ধরে।এ দ্বন্দ্বের মধ্যেই সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ইউসুফ শরিফ ২০০৭ সালের আগস্ট মাসে বরগুনা জেলা প্রশাসকের কাছে এক আবেদনে বিদ্যালয়টি ভোড়া এলাকায় তাঁর বাড়ির পাশে নির্মাণের দাবি জানান। তিনি ওই এলাকার কয়েকজনের কাছ থেকে ৩৩ শতক জমিও নিবন্ধন করে বিদ্যালয়ের নামে দেন। জেলা প্রশাসক চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে তত্কালীন ইউএনওকে ওই স্থানে বিদ্যালয় নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ইউএনও হোসেন আলী খন্দকার তা যাচাই করে ইউপি চেয়ারম্যানের বাড়ির কাছের জমিতে বিদ্যালয় নির্মাণের সুপারিশ করেন। এর ফলে আলীয়াবাদ এলাকার লোকজন ক্ষুব্ধ হয়। এলাকার বাসিন্দা মুনসুর আলী বাদী হয়ে বেতাগী উপজেলা সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, নতুন বিদ্যালয় স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যান ইউসুফ শরীফ ও ওই এলাকার লোকজন বিদ্যালয়ের নামে যে ৩৩ শতক জমি দান করেছেন, সেখানে জমিদাতাদের প্রকৃতপক্ষে জমি আছে মাত্র তিন শতাংশ। আর সরকারি নীতিমালা অনুযায়ী দুই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রাথমিক স্তরের কোনো বিদ্যালয় থাকলে সেখানে নতুন বিদ্যালয় স্থাপন করা যাবে না। অথচ ওই স্থানের আধা কিলোমিটার ও ১০০ গজ দূরত্বে একটি রেজিস্টার্ড ও একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় আছে।মামলায় বিচারক নতুন বিদ্যালয় স্থাপনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ফলে বিদ্যালয়ের নির্মাণকাজ ঝুলে যায়।পরে ২০০৯ সালের শুরুতে আজিজ হাওলাদারসহ এলাকার লোকজন শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে আলীয়াবাদ এলাকায় বিদ্যালয়ে স্থাপনের দাবি জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষে সহকারী পরিচালক আবু বকর সিদ্দিকী ওই বছরের ১৯ জানুয়ারিতে আজিজ হাওলাদারের বাড়ির কাছের এলাকায় বিদ্যালয় নির্মাণের পক্ষে মত দেন। তিনি বিদ্যালয়ের অনুকূলে ৩৩ শতক জমির নিবন্ধন ও নামজারি করার জন্য বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। এ পরিপ্রেক্ষিতে আলীয়াবাদ এলাকার ১৭ জন বাসিন্দা বিদ্যালয় নির্মাণের জন্য বিদ্যালয়ের অনুকূলে ৩৩ শতাংশ জমি নিবন্ধন করে দেন। পরে ওই বছরের নভেম্বর মাসে সেই জমির নামজারির জন্য তাঁরা বেতাগী ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন। কিন্তু ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মিজানুর রহমান তা করতে নানা টালবাহানা করেন। এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘চেয়ারম্যান অভিযোগ দিয়েছেন বলে আমি নামজারির কাজ করতে পারছি না। সরেজমিনে গিয়ে যাচাই করার পর তা করব।’ আজিজ হাওলাদার জানান, বর্তমান ইউপি চেয়ারম্যান নিজের প্রভাব ও নির্বাচনী কেন্দ্রে প্রভুত্ব সৃষ্টির উদ্দেশ্যে রাজনীতি শুরু করেছেন। তাঁর বাড়ির সামনে একটি কমিউনিটি বিদ্যালয় এবং পাশেই একটি রেজিস্টার্ড বিদ্যালয় আছে। সেখানে নতুন করে আরেকটি বিদ্যালয় নির্মাণ করা নীতিমালাবিরোধী। আলীয়াবাদ ও কালিকাবাড়ী দুটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন। এসব গ্রামের দরিদ্র পরিবারের কয়েক হাজার শিক্ষার্থীর একমাত্র ভরসা এই বিদ্যালয়। এখন সেটি ভোড়া এলাকায় নির্মাণ করা হলে এসব শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে। ইউপি চেয়ারম্যান ইউসুফ শরীফ বলেন, ‘আমার ব্যক্তিগত ইচ্ছায় নয় ইউএনওর সুপারিশে ভোড়া এলাকায় নতুন বিদ্যালয় নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে আমার মাথাব্যথা নেই।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অমল কৃষ্ণ মজুমদার বলেন, ‘ওই বিদ্যালয় নিয়ে সমস্যা অনেক দিনের। এখন এ নিয়ে আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হলে কোনো কিছুই করার নেই।’ বরগুনা জেলা প্রশাসক স্বপন কুমার সরকার বলেন, ‘আমি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করব।’