৪০০০০ ইয়াবা উদ্ধার, আটক ৩
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৪০ হাজার ৮৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ট্রলারসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবির দাবি, ওই ব্যক্তিরা নাফ নদী দিয়ে ইয়াবা বড়িগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিলেন।বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে নাফ নদীতে অভিযান চালায় বিজিবি। টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার আড়াই নম্বর স্লুইস গেট এলাকা দিয়ে ট্রলারে করে ইয়াবা বড়ির বড় একটি চালান পাচার করা হচ্ছে বলে বিজিবির কাছে তথ্য ছিল। টেকনাফ সদর বিওপির টহল কমান্ডার জসিম উদ্দিন এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযান চলাকালে একটি ট্রলার মিয়ানমার থেকে নাফ নদীর বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়লে বিজিবির সদস্যরা তাঁদের সংকেত দেন। কিন্তু ট্রলারের চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে তাঁরা ট্রলারটি ধাওয়া করে আটক করেন। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৪০ হাজার ৮৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় ট্রলারে থাকা মো. হোসেন আহমদ (৩৫), মো. আয়েছ (২৮) ও আবদুল মোনাফ (২৬) নামের মিয়ানমারের তিন নাগরিককে আটক করে বিজিবি। তাঁরা সবাই মিয়ানমারের মংডু শহরের খায়েনখালী গ্রামের বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, টেকনাফে বিজিবির উদ্ধার করা ইয়াবা চালানের মধ্যে এটি ছিল সবচেয়ে বড়। চালানটি থানায় জমা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ইয়াবা বড়িগুলোর আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।