৪১ পদের মধ্যে ২২টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে প্রাণি, উদ্ভিদ ও হিসাব বিজ্ঞান বিষয়ে কোনো শিক্ষকই নেই। অর্ধেকেরও কম শিক্ষক দিয়ে চলছে আড়াই সহস্রাধিক শিক্ষার্থীর পাঠদান। কলেজে শিক্ষক সংকট এমন অবস্থায় পৌঁছেছে যে, অধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ ৪১টি পদের মধ্যে ২৩টিই শূন্য।জানা গেছে, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত কলেজটি জাতীয়করণ হয় ১৯৮৭ সালের ৩ ফেব্রুয়ারি। শুরুতে এখানে উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ খোলা হয়। দেশ স্বাধীন হওয়ার পর পর্যায়ক্রমে কলেজে বিএ, বিএসসি, বিকম ও বিএসএস কোর্স চালু হয়।কলেজসূত্রে জানা গেছে, ইংরেজি বিভাগে তিনজন শিক্ষকের পদ বরাদ্দ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র একজন শিক্ষক। রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলামের ইতিহাস, ব্যবস্থাপনা, গণিত ও কৃষিবিজ্ঞান বিভাগেও কর্মরত রয়েছেন মাত্র একজন করে শিক্ষক। প্রাণিবিজ্ঞান বিভাগে গত জানুয়ারি থেকে কোনো শিক্ষকই নেই। একই অবস্থা হিসাব ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের। ২০০৯ সাল থেকে ওই বিভাগ দু’টিতে কোনো শিক্ষক নেই। বাংলা ও অর্থনীতি বিভাগে তিনজনের মধ্যে কর্মরত আছেন দু’জন শিক্ষক। সব মিলিয়ে এ সরকারি কলেজে শিক্ষকদের ২৩টি পদ শূন্য রয়েছে।স্নাতক শ্রেণীর বিএসসি প্রথম বর্ষের ছাত্র দেলোয়ার হোসেন, উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্রী নাজমা বেগম, আশা, লিজা জানান, শিক্ষক না থাকায় তারা খুবই দুশ্চিন্তায় আছে। তারা সিলেবাস শেষ করতে অন্য কলেজের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বাধ্য হচ্ছে।পীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা ছাত্রীর অভিভাবক তালেবুর রহমান বলেন, ‘শিক্ষক নেই জানলে মেয়েটাকে এই সরকারি কলেজে ভর্তি করতাম না।’ ব্যবস্থাপনা বিভাগের একমাত্র শিক্ষক শান্তনু কুমার পাল আক্ষেপ করে বলেন, ‘প্রতিদিন চার-পাঁচটা করে ক্লাস নিতে নিতে হাঁপিয়ে উঠছি, আর একজন প্রভাষক থাকলে কিছুটা স্বস্তি পাওয়া যেত।’কলেজের অফিস সহকারী মো. মমতাজ আলী জানান, কলেজে দুই হাজার ২৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তিনি জানান, ক্যাশিয়ার ও হিসাব সহকারী পদে লোক না থাকায় দাপ্তরিক কাজ বিঘ্নিত হচ্ছে। তা ছাড়া ২২ বছর যাবৎ এ কলেজে ক্রীড়াশিক্ষকের পদই সৃষ্টি হয়নি।এদিকে কলেজে একটি মাত্র একাডেমিক ভবন আছে। শিক্ষার্থীর তুলনায় শ্রেণীকক্ষ কম থাকার কারণেও পাঠদান বিঘ্নিত হয়। কলেজের উত্তর ও পূর্ব দিকে সীমানাপ্রাচীর না থাকায় অনাকাঙ্ক্ষিত মানুষের আনাগোনা ঠেকানো যাচ্ছে না। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহযোগী অধ্যাপক নিতীশ কুমার কুণ্ডু জানান, সমস্যাগুলো সমাধানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে একাধিক বার লেখালেখি করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।