৪২ বছর পর স্বাধীনতা দিবস উদযাপন করল লিবিয়াবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৪২ বছর পর প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উদযাপন করেছে লিবিয়াবাসী। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার তারা আনন্দোত্সবে মেতে ওঠে। ১৯৫১ সালের ২৪ ডিসেম্বর কিং ইদ্রিসের অধীনে ইতালি ও ফ্রান্সের উপনিবেশ থেকে মুক্ত হয়ে দ্য ইউনাইটেড লিবিয়ান রাজ্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৬৯ সালের সেপ্টেম্বর মাসে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্নেল মুয়াম্মার গাদ্দাফি দেশটির ক্ষমতা গ্রহণ করেন। এর পর থেকে কেবল তাঁর ক্ষমতা গ্রহণের দিনটিই উদযাপনের অনুমতি পেত লিবিয়াবাসী। ত্রিপোলির শহীদ চত্বর (মার্টিয়ার্স স্কয়ার) থেকে একটি মিছিল ‘আর নয় গাদ্দাফি’ (নো মোর গাদ্দাফি) বলে স্লোগান দিয়ে তাঁর বাসভবনের দিকে এগিয়ে যায়। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পূর্বঘোষিত মিছিলটি বাতিল করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধানমন্ত্রী আবদুর রহিম আল-কেইব বলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা দেশ গঠনে যেভাবে কাজ করে গেছেন, আমরাও সেভাবে লিবিয়াকে গড়ে তুলব।’ তিনি যুদ্ধ-পরবর্তী লিবিয়ার পুনর্গঠনে দেশের যুবসমাজের প্রতি আহ্বান জানান। লিবিয়ার প্রতিষ্ঠাতা কিং ইদ্রিসের নির্বাসিত ছেলে ইদ্রিস বিন আবদুল্লাহ আল সেনুসি বিবিসিকে বলেন, ‘আমি বিশ্বাস করি, লিবিয়ার জনগণ আর এমন কাউকে মেনে নেবে না, যে তাদের ওপর কর্তৃত্ব করবে। তারা তাদের মতো করে দেশ পরিচালনা করবে।’ অন্যদিকে, এক সপ্তাহ ধরে মন্ত্রিপরিষদ থেকে মুয়াম্মার গাদ্দাফির সময়কার নেতাদের অপসারণের দাবিতে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী তাহের সরকার পদত্যাগ করেছেন।