৪২ লাখ ডলার মুক্তিপণ শোধ, ২৬ নাবিকসহ জাহান মণি ফিরছে
সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি জাহান মণি’ ২৬ জন নাবিকসহ দুই-তিন দিনের মধ্যে মুক্তি পাচ্ছে। জাহাজটির মালিক প্রতিষ্ঠান এস আর শিপিংয়ের কর্মকর্তারা আজ শুক্রবার দুপুরে ওই জাহাজের আটকে পড়া নাবিকদের স্বজনদের তাঁদের চট্টগ্রামের অফিসে ডেকে এ তথ্য জানান। জলদস্যুরা মুক্তিপণ হিসেবে ৯০ লাখ ডলার দাবি করলেও পরে তাদের সঙ্গে ৪২ লাখ ডলারে সমঝোতায় পৌঁছায় বলে একটি বিশ্বস্ত সূত্র জানায়। জলদস্যুরা ইতিমধ্যে মুক্তিপণের অর্থ পেয়েছে। জাহাজ কর্তৃপক্ষ মুক্তিপণের অর্থ দেওয়ার আগে নাবিকদের অবস্থান জানতে চাইলে জলদস্যুরা ২৬ নাবিকের ছবি পাঠায়। সেখানে তাঁদের সুস্থ অবস্থায় দেখা যায়। সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় এমভি জাহান মণি আরব সাগরে ভারতীয় উপকূলের অদূরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটি ৪১ হাজার মেট্রিক টন পণ্য নিয়ে ইন্দোনেশিয়া থেকে গ্রিস যাচ্ছিল। হানা দেওয়ার ৪৫ মিনিটের মধ্যে জলদস্যুরা জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় এবং ২৬ বাংলাদেশি নাবিককে জিম্মি করে জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যায়।ইতিমধ্যে জাহাজটির জলদস্যুদের সঙ্গে আলাপ-আলোচনা করে আটকে পড়া নাবিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।