৪৩ ঘণ্টা পর মাওয়া-কাওরাকান্দি রুট চালু
৪৩ ঘণ্টার পর মুন্সিগঞ্জের মাওয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি নৌপথে ফেরি, লঞ্চসহ নৌযান চলাচল আজ শনিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার বেলা একটা থেকে ওই রুটে নৌযান চলাচল বন্ধ হয়ে পড়েছিল। দীর্ঘ সময় নৌযান চলাচল বন্ধ থাকায় উভয় পাশের মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আশিকুজ্জামন জানান, খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ সকাল আটটা থেকে ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় নদীর উভয় পাশের মহাসড়কে তিন কিলোমিটার জুড়ে যানজটের তৈরি হয়েছে। আটকা পড়েছে ছয় শতাধিক গাড়ি। তবে এখন ফেরি চলাচল শুরু হওয়ায় আস্তে আস্তে যানজটের তীব্রতা কমে আসছে।