৪৩ বছরেও সফলতার মুখ দেখেনি বুড়ি তিস্তা সেচ প্রকল্প
সুষ্ঠু পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়েছে উত্তরাঞ্চলের প্রথম সেচ প্রকল্প ‘বুড়ি তিস্তা সেচ প্রকল্প’। খোয়া যাচ্ছে প্রকল্পের মূল্যবান সম্পদ। এতে করে একদিকে নষ্ট হচ্ছে প্রকল্পের অবকাঠামো, অন্যদিকে প্রকল্পের আওতাভুক্ত ১০ হাজার হেক্টর জমি কমিয়ে ১৩৬ একর করলেও ওই জমিতেও সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকেরা। গত মঙ্গলবার বুড়ি তিস্তা সেচ প্রকল্প এলাকার কৃষক ও বুধবার পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডিভিশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।ওই প্রকল্প এলাকার গোলনা ইউনিয়নের কৃষক অলিয়ার রহমান (৬০) বলেন, ‘তেষট্টির রেকর্ডের পর হামার জমি নিছোলো, নালা বানের বাদে (জন্য)। নালা হইলে পানি পাম জমিত আবাদ হইবে। কিন্তু নালা হবার পর থাকি হামরা পানি পাই না। এলা পানি দেয় না সেই জন্য কাহো মটর দিয়া ধান আবাদ করে আবার খরচ বেশি হয় বাদে হামরা তামাক, আলুসহ অসেসা আবাদ করি।’ খারিজা গোলনা গ্রামের ছাত্র মকছেদুল ইসলাম বলেন, ‘ক্যানেলের ধারে আমাদের ৩ বিঘা জমি আছে, কিন্তু ক্যানেল থেকে একবারও পানি দেয় না। মোটর দিয়ে আবাদ করতে হয়।’ গোলনা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের এইচএসসি পরীক্ষার্থী আবদুুর রহিম বলেন, ‘কোনো বছরেই পানি পাই না, মোটর দিয়ে চাষ করি। কিন্তু তাতেও অনেক সমস্যা। ঠিকমতো বিদ্যুত্ থাকে না, কখনো ট্রান্সফরমার, কখনো তার চুরি যায়। সে কারণে এ অঞ্চলের মানুষ আমন আর অসেসা (শাকসবজি) আবাদ বেশি করে।’সূত্র মতে, নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলায় এ প্রকল্পটির অবস্থান। মূল প্রকল্পটির কাজ শুরু হয় ১৯৫৭ সালে। ওই প্রকল্পের বুড়ি তিস্তা নদীর ওপর জলঢাকা উপজেলার কালীগঞ্জ নামের স্থানে ১৯৬৩ সালে কাজ শুরু করে ১৯৬৭ সালে বুড়ি তিস্তা ব্যারেজ নির্মাণকাজ সম্পন্ন করা হয় এবং অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ শেষ করা হয় ১৯৮৩ সালে। এতে ব্যয় হয় ৫৪ লাখ ১১ হাজার টাকা। এ সময় প্রকল্পের আওতাভুক্ত এলাকা ছিল ১১ হাজার ৮৮০ হেক্টর এবং সেচযোগ্য এলাকা নির্ধারণ করা হয় ১০ হাজার ১২১ হেক্টর । গোলনা ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বলেন, প্রকল্পটি হওয়ার পর এ অঞ্চলের কৃষকদের আশার সঞ্চার ঘটেছিল। এই প্রকল্পকে ঘিরে এখানে একটি উন্নতমানের গেস্ট হাউস, অফিস, আদালত নির্মিত হয়েছিল। এখানে ভিআইপিরা রাত যাপনও করতেন। এখন অবহেলা-অযত্নে সবকিছু নষ্ট হয়ে গেছে। কর্মকর্তারাও এখানে খুব একটা আসেন না। এ ব্যাপারে পাউবো নীলফামারী ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) গোলাম সারোয়ার বলেন, ‘এ বছর আমরা ওই প্রকল্পের আওতায় ১৩৬ একর জমিতে সেচ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। দু-একদিনের মধ্যে কার্যক্রম শুরু করা হবে। প্রতি একরে রাজস্ব আদায় করা হবে ৪০০ টাকা করে।’ এ ছাড়া প্রকল্পের ব্যারেজ এলাকায় আনছারদের বেতন দিতে হয় প্রতি মাসে প্রায় ৩৪ হাজার টাকা। তিনি বলেন, এবার ওই প্রকল্পের এক হাজার ২১৭ একর জলাধার মাছ চাষের ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নয়টি দরপত্র পড়েছে। এর মধ্যে তুসকা রিসোর্স লিমিটেড ১২ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা হয়েছে। তারা প্রতিবছর ১২ লাখ টাকার সঙ্গে ১০ শতাংশ বাড়িয়ে ১০ বছরে প্রায় দুই কোটি ২৫ লাখ টাকা দেবে। কিন্তু জলাধারের জমির মালিকানা নিয়ে জেলা প্রশাসনের সমস্যা থাকায় তাদের কার্যাদেশ দেওয়া যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডিভিশনের সহকারী সেচ কর্মকর্তা নজমুল ইসলাম বলেন, গাজীপুরের তুসকা রিসোর্স লিমিটেড দুই ক্যানেল ৩৬ হাজার ১১১ টাকায় এবং দিনাজপুরের জানিওয়েল মেইন খাল ২৪ হাজার ৭১০ টাকায় ইজারা নিয়েছে। চুক্তিপত্র অনুযায়ী তারা শুধু সেচ দিতে পারবে। সেখানে মাছ চাষ বা অন্য কিছু করতে পারবে না। করলে তাদের চুক্তিভঙ্গের কারণে ইজারা বাতিল হয়ে যাবে। পানি না থাকার কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মনে করেন, শুরু থেকে বুড়ি তিস্তা সেচ প্রকল্পের রিজার্ভার খনন না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী বলেন, বুড়ি তিস্তা সেচ প্রকল্পটি উত্তরাঞ্চলের প্রথম সেচ প্রকল্প। ১৯৫৭ সালে এ প্রকল্পের কাজ শুরু হয় এবং ১৯৮৩ সাল পর্যন্ত এ প্রকল্পের কাজ চলে। তিনি বলেন, প্রকল্পটি চালু করতে হলে রিজার্ভার খনন করতে হবে।