৪৩ সেতু ২৮টি ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিদিন একটা করে নাট-বল্টু খুলে পড়ে আর সেতু নড়েচড়ে ওঠে। যখন গাড়ি সেতুর ওপর দিয়ে যায় তখন সেতু নড়ে ওঠে। তাই অনেকটা ঝুঁকি নিয়ে আমাদের সেতু পার হতে হচ্ছে। এ ছাড়া পাকা ঢালাই করা সেতুর বিভিন্ন স্থান ভেঙে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এভাবেই হাজারো যন্ত্রণা সঙ্গী করে এ অঞ্চলের লোকজনকে চলাচল করতে হচ্ছে।’ এভাবেই বললেন টিকরপাড়া গ্রামের পঞ্চাশোর্ধ্ব আবদুল মুকিত। শুধু মুকিত নন, তাঁর মতো আরও অনেকেই ‘ভাঙাচোরা সেতুগুলো পারাপারের অযোগ্য’ বলে অভিযোগ করেছেন। তাঁদের কথার সূত্র ধরে সেতুগুলো সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কে সওজ ও এলজিইডির অধীনে ৪৩টি সেতু রয়েছে। এ সেতুগুলোর প্রকৃতি হচ্ছে ‘সরু’। এগুলোর মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যেকোনো সময় এসব সেতুতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।জকিগঞ্জবাসীর ক্ষোভ, বিভাগীয় শহর সিলেটের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘ কয়েক বছর ধরে যোগাযোগের একমাত্র সড়কটির কোনো উন্নয়ন হয়নি। পাশাপাশি সড়কের বেহালদশার সঙ্গে যোগ হয়েছে সেতু দুর্ভোগ। সেতুগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও নতুনভাবে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সব ক’টি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সিলেট ও জকিগঞ্জ সওজ ও এলজিইডি সূত্রে জানা যায়, এই সড়কে প্রায় ৪৩টি সেতু-কালভার্ট রয়েছে। এর মধ্যে আটগাঁও থেকে জকিগঞ্জ বাইপাস সড়কে সেতু রয়েছে আটটি। এই আটটির মধ্যে সবই সরু ও ঝুঁকিপূর্ণ। সড়কের পলাশপুর-নান্দীশ্রী, তালগাঙ, জুলাই, দাউদপুরী, বারহাল, পইলগ্রাম, কাঠলিসহ ২৮টি ব্রিজ পুরো সড়কের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। মেরামত না করায় দিনদিন ঝুঁকি আরও বাড়ছে। যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে এই সেতুগুলোতে।সরেজমিনে দেখা গেছে, সব সেতু সরু হওয়ায় কোনো সেতুতেই একসঙ্গে দুটি বাস পাশাপাশি যেতে পারে না। সেতুর একদিকে বাস উঠলে অন্যদিকে থেমে থাকে। কয়েকটি ছাড়া সব সেতুর দুই পাশের প্রায় অর্ধেক অংশের রেলিং ভেঙে গেছে। সেতুর ওপর থেকে উঠে গেছে কার্পেট ও পাথর। সরে গেছে সংযোগস্থলের মাটি। কোনো কোনো সেতু দেবে গেছে। এ দেবে যাওয়া এবং পাথর উঠে যাওয়া ঢাকতে কিছু বালু-পাথর দিয়ে জোড়াতালি দিয়েছে সওজ। কিন্তু তাতেও কাজ হয়নি। কয়েকটি সেতুতে ফাটল দেখা দিয়েছে। ফলে দুর্ভোগ ও দুর্ঘটনা এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী বলে জানিয়েছে এলাকাবাসী।