৪৪ ব্যাটালিয়নের আরও ৪০০ সদস্যকে অভিযোগ পড়ে শোনানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৪৪ ব্যাটালিয়নের অভিযুক্ত ৬৭৫ জন বিডিআর সদস্যের মধ্যে আরও ৪০০ জনকে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। পিলখানার দরবার হলের বিশেষ আদালত-১১-এ আজ বুধবার অভিযোগ পড়ে শোনানোর দ্বিতীয় দিনে ৬৭৫ জন আসামির উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়।এর আগে ১ নভেম্বর একই আদালতে ২০০ জন সদস্যকে অভিযোগ পড়ে শোনানো হয়। এ নিয়ে এ ব্যাটালিয়নের ৬৭৫ আসামির মধ্যে ৬০০ জনকে অভিযোগ পড়ে শোনানো হলো। কাল বৃহস্পতিবার একই আদালতে বাকি ৭৫ জনকে অভিযোগ পড়ে শোনানো হবে। পরে আসামিরা নির্দোষ না দোষী, এ কথা জানতে চাইবে আদালত। এই প্রক্রিয়ার পর তাঁদের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।আজ শুনানি শেষে বিচারক প্যানেলের সভাপতি কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদ কাল সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। তিনি আদালতে বলেন, এসব বিডিআর সদস্যের বিরুদ্ধে চার্জ গঠনপ্রক্রিয়া ও শুনানি অব্যাহত থাকবে। তিনি কাল আসামিদের আদালতে হাজির করার জন্য জেল কর্তৃপক্ষেক নির্দেশ দেন।এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে ৬৭৫ জন বিডিআর সদস্যকে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। সকাল সোয়া ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। বিরতিসহ তা বেলা দুইটা পর্যন্ত চলে। —বাসস।