৪৪ রাইফেলের ৬৭৫ জনকে কাল আদালতে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে করা মামলায় ৪৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৭৫ জনকে কাল মঙ্গলবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫-এ নির্দেশ দেন।আজ সকাল সাড়ে নয়টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত চলে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। আজ ৬৭৫ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন সুবেদার মেজর ইসমাইল হোসেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্রোহে সরাসরি অংশগ্রহণ, মদদ দান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করা, বিদ্রোহের সময় নিজেদের দায়িত্ব পালন না করে নিষ্ক্রিয় থাকা ইত্যাদি অভিযোগ আনেন। আদালত অভিযোগ আমলে নেন এবং কাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করেন। এ সময়ের মধ্যে আদালত সব আসামিকে অভিযোগের একটি কপিও সরবরাহের নির্দেশনা দেন। ৬৭৫ জন জওয়ানের মধ্যে ৪০৫ জন নিউমার্কেট থানায় দায়ের করা এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আদালতের আদেশের পর আজ পিলখানায় কর্মরত অবস্থায় থাকা আরও ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়। এসব সদস্যের মধ্যে ৪৩৬ জন ৪৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্য। অপর ২৩৯ জন বিদ্রোহের সময় চলা বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন ব্যাটালিয়ন থেকে এসেছিলেন।প্রসঙ্গত, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। পরে দেশের অন্য স্থানও বিদ্রোহ ছড়িয়ে পড়ে।