বেসরকারীকরণ করা ৭৫টি শিল্পে চালানো সমীক্ষার তথ্য
৪৪টি লাভজনকভাবে চলছে, ১৫ প্রতিষ্ঠান এখনো বন্ধ
দেশে ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত মোট ৭৫টি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারীকরণ করা হয়েছে। এর মধ্যে ৪৪টি লাভজনকভাবে চলছে। চালুর প্রক্রিয়ায় আছে ১৬টি। বাকি ১৫টি প্রতিষ্ঠান বন্ধ।ওই ৭৫টির মধ্যে ৫৫টি প্রতিষ্ঠান সরাসরি বিক্রির মাধ্যমে এবং বাকি ২০টি শেয়ার হস্তান্তরের মাধ্যমে বেসরকারীকরণ করা হয়। এ থেকে সরকারি কোষাগারে মোট অর্থ এসেছে ৭০৯ কোটি ৯০ লাখ টাকা। ’৯৩ সালের আগে আরও ২০টি প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তর করা হয়। তবে সেগুলো এই সমীক্ষার আওতায় আনা হয়নি।প্রাইভেটাইজেশন কমিশন পরিচালিত এক সমীক্ষার প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত ডিসেম্বর মাসে সরকারের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কয়েকজন কর্মকর্তার নেতৃত্বে সাতটি সমীক্ষা দল গঠন করে সরজমিনে এই সমীক্ষা চালানো হয়।বেসরকারীকরণ করার পর সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবস্থা সম্পর্কে জানার জন্য এটিই প্রথম সমীক্ষা। যদিও বেসরকারীকরণ আইনের ১০ ধারার ১(ট) উপধারা অনুযায়ী এ ধরনের সমীক্ষা চালিয়ে সংশ্লিষ্ট শিল্পগুলোর সামগ্রিক অবস্থা সরকারকে নিয়মিত জানানোর কথা, কিন্তু এর আগে কখনোই তা করা হয়নি। এখন এই সমীক্ষার প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।কর্মসংস্থান: প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারীকরণ করার আগে এই ৭৫টি শিল্পে কর্মরত মোট জনবল ছিল ৩১ হাজার। এখন তা ৯০ হাজারে উন্নীত হয়েছে। এদের মধ্যে বেসরকারীকরণ করার আগের কর্মক্ষম ও দক্ষ জনবল রয়েছে। গ্রামীণ পর্যায়ে কয়েকটি প্রতিষ্ঠানে, যেমন মাদারীপুর টেক্সটাইল মিলস লিমিটেডে বেশ কিছু নারীরও কর্মসংস্থান হয়েছে।ওই ৭৫টি শিল্পের মধ্যে বেসরকারীকরণ করার আগে প্রায় ৪৫টি দুই থেকে পাঁচ বছর ধরে বন্ধ ছিল। হস্তান্তরের পর এগুলো চালু করতে বেসরকারি উদ্যোক্তাদের দুই থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লেগেছে।বিক্রয় মূল্য: প্রতিবেদন অনুযায়ী, ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির ক্ষেত্রে বিক্রয় মূল্য প্রযোজ্য ছিল। এর মধ্যে ৬২টি প্রতিষ্ঠান সম্পূর্ণ মূল্য পরিশোধ করেছে। একটি প্রতিষ্ঠানের মূল্য পরিশোধ মামলার কারণে স্থগিত ছিল। এখন আবার তা চালু করেছে। বাকি দুটি প্রতিষ্ঠান প্রাথমিক কিস্তি পরিশোধের পর আর বিক্রয় মূল্য দিচ্ছে না।বাকি ১০টির মধ্যে দুটি প্রতিষ্ঠান সেনা ও নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো বিক্রয় মূল্য প্রযোজ্য ছিল না। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন অন্য আটটি প্রতিষ্ঠান মন্ত্রণালয়ই সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের কাছে হস্তান্তর করে। এ ক্ষেত্রেও বিক্রয় মূল্য প্রযোজ্য ছিল না। তবে চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানের ‘স্টক অ্যান্ড স্টোরস’-এর মূল্য তাদের পরিশোধ করার কথা। তবে অর্ধেক প্রতিষ্ঠান তা পরিশোধ করেনি। কমিশন এখন তা আদায়ের উদ্যোগ নিয়েছে।উৎপাদনশীলতা: চালু প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই শিল্পের আধুনিকায়ন, সম্প্রসারণ ও সুষমকরণ (বিএমআরই) সম্পন্ন করেছে। ফলে বিনিয়োগ ও উৎপাদনশীলতা বেড়েছে। এদের পণ্যের গুণগত মান উন্নত হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রে নেতৃস্থানীয় পর্যায়ে (মার্কেট লিডার) উন্নীত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সাইকেল ইন্ডাস্ট্রিজ, বার্জার পেইন্ট, চিটাগাং সিমেন্ট অ্যান্ড ক্লিংকার ইন্ডাস্ট্রিজ, রেকিট অ্যান্ড বেনকিজার, জিনাত টেক্সটাইলস, শারমিন টেক্সটাইলস প্রভৃতি উল্লেখযোগ্য।প্রতিবেদনে বলা হয়েছে, তবে অনেক প্রতিষ্ঠানই তাদের ভূমির সর্বোচ্চ ব্যবহার এখনো নিশ্চিত করতে পারেনি। এর মধ্যে কোনো কোনো প্রতিষ্ঠানের জমি নিষ্কণ্টক করে হস্তান্তরেও বিলম্ব হয়েছে। চালুর প্রক্রিয়াধীন ও বন্ধ প্রতিষ্ঠানের কোনো কোনোটি ভালো ব্যবসা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে।এই সমীক্ষা সম্পর্কে জানতে চাইলে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ড. মির্জা আবদুল জলিল প্রথম আলোকে বলেন, বেসরকারীকরণ সম্পর্কে সরকারের ভবিষ্যৎ নীতি, পরিকল্পনা ও কৌশল প্রণয়নে এই সমীক্ষার তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বেসরকারীকরণের উপযোগিতা, সফলতা ও দুর্বলতা এবং সমস্যাগুলো পর্যালোচনা করে অগ্রসর হওয়া সম্ভব হবে।অর্থ মন্ত্রণালয়ের চিঠি: ১০ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রাইভেটাইজেশন কমিশনের সামগ্রিক কর্মকাণ্ডের ওপর একটি প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কমিশনের চেয়ারম্যান বলেন, অর্থমন্ত্রী যেসব বিষয় জানতে চেয়েছেন, তার একটি ছাড়া বাকি সবই সমীক্ষার তথ্যে পাওয়া যাবে।আর চিঠির ওই একটির বিষয়ে কমিশন গুটিয়ে ফেলা হলে কমিশনের বর্তমান কাজ কী করে সম্পাদন করা যাবে, সে সম্পর্কে মির্জা জলিল বলেন, নির্দিষ্ট আইনের অধীনে যেভাবে কাজগুলো বর্তমানে করা হচ্ছে, কমিশন গুটিয়ে ফেলা হলে সেভাবে কাজগুলো করা সম্ভব হবে না। কীভাবে করা যাবে, তা সরকারের নীতিনির্ধারকদের যৌথ ভাবনার বিষয়।