৪৪৮ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন অক্টোবরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত সদর দপ্তরের সব পরিদপ্তর, রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) ও রেকর্ড শাখার ৪৪৮ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে আগামী ২৪ ও ২৫ অক্টোবর।গতকাল মঙ্গলবার পিলখানার দরবার হলে স্থাপিত দুটি বিশেষ আদালতে এসব অভিযোগ গঠনের কথা বলা হয়। এর মধ্যে সদর দপ্তরের পরিদপ্তরগুলো ও রাইফেলস স্পোর্টস বোর্ডের (আরএসবি) ৩৩৭ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে ২৪ অক্টোবর। এর পরের দিন সদর দপ্তরের রেকর্ডিং শাখার ১১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। গতকাল দুটি মামলার ৪৪৮ জন আসামিকে দুই দফায় আদালতে হাজির করা হয়।পিলখানায় বিডিআরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬-এর কার্যক্রম শুরু হয় গতকাল সকাল সাড়ে ১০টায়। মামলার সব আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়।রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, ৩২ রাইফেলের আসামি আমিনুল ইসলাম মোল্লা বিদ্রোহের আগে পিলখানায় এসেছিলেন টাট্টু শোতে অভিনয় করার জন্য। তাঁর হাতে অস্ত্র ছিল না। কিন্তু বিদ্রোহের সময় তাঁর ঘাড়ে রাইফেল, হাতে পিস্তল ও গলায় বাইনোকুলার দেখা গেছে। টাট্টু শোতে অভিনয় করতে এসে আমিনুল পিলখানায় ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন।বেলা সাড়ে ১১টার দিকে ২৪ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করে প্রথম আদালতের মুলতবি ঘোষণা করা হয়।দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় দ্বিতীয় আদালতের কার্যক্রম। এ সময় সদর দপ্তরের রেকর্ডিং শাখার ১১১ জনকে আদালতে হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। দুপুর সোয়া একটার দিকে ২৫ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করে আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।বিডিআরের কর্মকর্তারা জানান, এর মাধ্যমে পিলখানায় বিদ্রোহের ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হলো।দুটি আদালতেই সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। আদালতের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মুহম্মদ নুরুল আলম ও মেজর মো. আলী মুস্তাঈন খান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ।