৪৫ বছর পর গাজায় হামাসের প্রধান
৪৫ বছরের নির্বাসন শেষে ফিলিস্তিনে ফিরেছেন হামাসের নেতা খালেদ মেশাল। আজ শুক্রবার তিনি গাজা ভূখণ্ডে পৌঁছান বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়। ১৯৬৭ সালে পশ্চিম তীর ছেড়ে যাওয়ার পর তিনি এই প্রথম ফিলিস্তিনি ভূখণ্ডে পা রাখবেন।তিন দিনের সফরে মেশাল আজ একটি বিশাল সমাবেশে যোগ দেবেন। তাঁর উপস্থিতিতে হামাস আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, মেশালের গাজা সফর ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে হামাসের প্রতিরোধের ফল।মেশাল গাজা সফরকালে হামাসের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ আহমেদ ইয়াসিন এবং ইসরায়েলি হামলায় গত মাসে নিহত সামরিক কর্মকর্তা আহমেদ জাবারির বাড়িতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। মিসরের সরকারি কর্মকর্তারা জানান, রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করবেন মেশাল। তাঁর স্ত্রী গত বৃহস্পতিবারই গাজায় পৌঁছান।ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগাল পালমর বলেন, গাজায় কারও প্রবেশ নিয়ে ইসরায়েলের কিছু বলার নেই। হামাসের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ইসরায়েল ভিন্নভাবে বিবেচনা করে না। পশ্চিম তীরের সিলওয়াদ শহরে ১৯৫৬ সালে জন্মগ্রহণকারী মেশাল ১৯৬৭ সালের যুদ্ধের পর কুয়েতে চলে যান। ১৯৭১ সালে তিনি মুসলিম ব্রাদারহুডে যোগ দেন। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠিত হয়। ইরাকি বাহিনী ১৯৯১ সালে কুয়েত আক্রমণের পর জর্ডানে আশ্রয় নেন মেশাল। এ ছাড়া তিনি হামাসের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করেন। জর্ডানে তিনি ১৯৯৭ সালে ইসরায়েলি হামলা থেকে রক্ষা পান। ইসরায়েল আরও কয়েকবার চেষ্টা চালিয়েও মেশালকে হত্যা করতে ব্যর্থ হয়। ১৯৯৯ সালে জর্ডান থেকে কাতারে চলে যান। ২০০১ সালে সিরিয়ায় যান। দলীয় নেতা শেখ আহমেদ ইয়াসিন আততায়ী হামলায় ২০০৪ সালে নিহত হওয়ার পর হামাসের রাজনৈতিক নেতা মনোনীত হন মেশাল। চলতি বছর তিনি দামেস্ক ছেড়ে মিসর ও কাতারে চলে যান।