৪৫২ বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার
মিয়ানমারের সরকার ৪৫২ জন কারাবন্দীকে মুক্তি দেবে। এর মধ্যে কিছু ভিন্নমতাবলম্বীও রয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। তবে তাদের সংখ্যা জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মিয়ানমার সফর সামনে রেখে সদিচ্ছার আভাস হিসেবে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়, গণতন্ত্রের পথে সরকারের সদিচ্ছাকে এগিয়ে নিতে ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সরকার এসব বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ভিন্নমতাবলম্বী থাকলেও তাদের তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে মন্ত্রণালয়।রাজবন্দীদের সহায়তায় কাজ করে যাওয়া সংগঠন দ্য অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানায়, এসব বন্দীর মধ্যে একজন রাজবন্দী রয়েছেন বলে শোনা গেলেও বিষয়টি তারা খতিয়ে দেখছে।এর আগে চলতি বছরের জুলাই ও ২০১১ সালের মে মাসে প্রায় ৭০০ বন্দীকে মুক্তি দেওয়া হয়। গত সেপ্টেম্বরে রাজবন্দীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও এখনো দেশটির কারাগারে কয়েক শ বন্দী রয়েছে বলে এএপিপি জানায়।