৪৬ পণ্যে শুল্কমুক্ত বাজারসুবিধা
শেষ পর্যন্ত বাংলাদেশকে ৪৬ ধরনের (এইচএস কোডভুক্ত) পণ্যে শুল্কমুক্ত বাজার-সুবিধার বিষয়ে সম্মত হয়েছে ভারত। এর সবগুলোই বস্ত্র ও পোশাক খাতের। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরকালে দুই দেশের সরকারপ্রধানের পৃথক বিবৃতিতে গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। তবে বাংলাদেশের তালিকায় ৬২ ধরনের পণ্যে শুল্কমুক্ত প্রবেশসুবিধা দাবি করা হয়েছিল।তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে জানান, ভারত যেসব পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিতে সম্মত হয়েছে, তার সবটাই তৈরি পোশাক খাতের। এতে ভারতে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধরনের অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তবে ভারতে শুল্কমুক্তভাবে এর আগে পোশাক রপ্তানির ক্ষেত্রে যে বিশেষ অতিরিক্ত শুল্ক (স্পেশাল এডিশনাল ডিউটি বা এসএডি) নামে কর নেওয়া হয়, তা থাকছে কি না সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দিতে পারেননি সফিউল ইসলাম মহিউদ্দিন।বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সুতি কাপড়ের তৈরি পোশাকে এসএডি হচ্ছে শুল্কমূল্যের ৪ দশমিক ১৬ শতাংশ। অন্য পণ্যের ক্ষেত্রে যা হচ্ছে শুল্কমূল্যের ৪ দশমিক ৩২ শতাংশ। গতকাল যৌথ ঘোষণায় যে ৪৬ ধরনের পণ্যে শুল্কমুক্ত বাজারসুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, এসব পণ্যে এ জাতীয় কর ও ডিউটি থাকবে কি না, তাও জানা যায়নি।বিজিএমইএর সভাপতি বলেন, তাঁদের জানানো হয়েছে শুল্কমুক্তভাবে বাজারসুবিধা পাওয়া ৪৬ ধরনের পণ্যের সবগুলোই পোশাক খাতের। তিনি বলেন, এর আগে ভারতের কাছে বাংলাদেশ যে ৬২ ধরনের পণ্যের তালিকা দিয়েছিল, তার মধ্যে ৪৬টি পোশাকপণ্য ছিল। তিনি ধারণা করছেন, এগুলোই ভারতের সম্মতির মধ্যে রয়েছে। বাংলাদেশের দেওয়া তালিকায় পোশাকজাতীয় পণ্যের মধ্যে রয়েছে: সুতি ওভেন কাপড়ের তৈরি পুরুষ ও বালকদের ট্রাউজার, প্যান্ট ও শর্টস, সুতি কাপড়ের তৈরি পুরুষ ও বালকদের জামা, টি-শার্ট; সিংলেট, সুতি কাপড়ের তৈরি মহিলা ও বালিকাদের সব ধরনের ট্রাউজার, সুতি নিট কাপড়ের পুরুষ এবং বালকদের জামা, নিট কাপড়ের তৈরি পুরুষ ও বালকদের স্নানের পোশাক, পুরুষ ও বালকদের সুতি কাপড়ের তৈরি নৈশপোশাক ও পাজামা, পুরুষ ও বালকদের ওভেন ও সিনথেটিক কাপড়ের জ্যাকেট ও ব্লেজার, নিট কাপড়ের তৈরি জার্সি; পুলওভার; কার্ডিগান, ওয়াইজকোট সমজাতীয় পোশাক, ওভেন কাপড়ের মহিলা ও বালিকাদের স্কার্ট ও বিভাজিত স্কার্ট, সুতি ওভেন কাপড়ের পুরুষ ও বালকদের জ্যাকেট ও ব্লেজার, একইভাবে সুতি নিট কাপড়ের তৈরি নারী-পুরুষ ও ছোট ছেলেমেয়েদের সব ধরনের ট্রাউজার, সুতি নিট কাপড়ের নারী ও বালিকাদের ব্লাউজ; শার্ট ও ব্লাউজ শার্ট, হাত মোজা, ওভেন কাপড়ের মেয়েদের বক্ষবন্ধনী, বাচ্চাদের ওভেন ও নিট কাপড়ের পোশাক, মেয়েদের পেন্টি, সুতি ওভেন কাপড়ের ব্লাউজ; শার্ট ও ব্লাউজ শার্ট, মহিলা ও বালিকাদের সিনথেটিক ওভেন কাপড়ের স্যুট, ওভেন কাপড়ের সরঞ্জামাদি, নিট কাপড়ের তৈরি পুরুষ ও বালকদের নৈশপোশাক ও পাজামা, মহিলা ও বালিকাদের নৈশপোশাক ও পাজামা, সুতি নিট কাপড়ের বাচ্চাদের তৈরি পোশাক ও পোশাকের সরঞ্জামাদি, মহিলা ও বালিকাদের সিনথেটিক নিট কাপড়ের তৈরি সব ধরনের ট্রাউজার, ওভেন কাপড়ের বাচ্চাদের পোশাক ও কাপড় সরঞ্জামাদি, হাতে তৈরি সুতি নিট কাপড়ের পুরুষ ও বালকদের শার্ট, সুতি নিট কাপড়ের ছেলেদের অন্তর্বাস, ৮৫ শতাংশ সিল্কের তৈরি ওভেন কাপড়, নারী ও বালিকাদের নিট ও সিনথেটিক জাতীয় কাপড়ের সাঁতারের পোশাক এবং পুরুষ ও বালকদের ওভেন কাপড়ের সাঁতারের পোশাক।