৪৬ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদ ২০১১-১২ অর্থবছরে ৪৬ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এডিপি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেছেন, এবার এডিপিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষি, পানি সম্পদ ও পল্লি প্রতিষ্ঠান খাতকে। এসব খাতে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটি এডিপির মোট বরাদ্দের ১৮ দশমিক ৫ শতাংশ। এরপর গুরুত্ব পেয়েছে বিদ্যুত্, তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাত। এ খাতে আট হাজার ২৮৩ দশমিক ৪৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটি মোট এডিপির ১৮ দশমিক ১ শতাংশ। পরিকল্পনামন্ত্রী আরও জানান, এডিপিতে এরপর বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা, পরিবহন ও যোগাযোগ খাতকে। এ খাতে বরাদ্দ রয়েছে সাত হাজার ৭৪৯ কোটি টাকা। এটি মোট এডিপির ১৬.৮৫ শতাংশ। এরপর আছে শিক্ষা ও কর্ম খাত। এ খাতে ছয় হাজার ১২৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া পানি সরবরাহ ও বিতরণ খাতে পাঁচ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরিকল্পনামন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিদেশি অর্থ সাহায্যপুষ্ট প্রকল্পগুলোতে দাতাদের শর্ত ও ছাড়ের প্রক্রিয়া সহজ থাকলে এ বছরই সরকার এডিপির শতভাগ বাস্তবায়ন করতে পারবে।