৪৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনাল রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় হত্যা ও লুণ্ঠন মামলার আসামিদের মধ্যে আজ সোমবার ৪৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। রাষ্ট্রপক্ষ আজ ৩৪১ নম্বর থেকে ৮০৩ নম্বর পর্যন্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনায়। অভিযোগ পড়ে শোনানো শেষে আদালতের বিচারকাজ ৩১ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে।ঢাকা আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ আদালতে আজ সকাল সাড়ে নয়টায় এ বিচারকাজ শুরু হয়। আর শেষ হয় বেলা একটায়।এর আগে কড়া পাহারার মধ্য দিয়ে সব আসামিকে বিভিন্ন কারাগার থেকে আদালতে আনা হয়। বিচারকাজ উপলক্ষে আদালতের চারদিকে পাহারা বসানো হয়। বিচারকাজ চলাকালে অনুমোদিত ব্যক্তি ছাড়া কাউকে আদালতের ভেতরে যেতে দেওয়া হয়নি। বিচারকাজ শুরু হওয়ার পর আগের মতো আজও রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে কী অভিযোগ আছে, তা পড়ে শোনান। এজলাসের সামনে মাইক রাখায় আসামিরা তাঁর কথা শুনতে পাচ্ছিলেন। আদালতের নিয়ম অনুসারে অভিযোগ পড়ে শোনানো শেষে বিচারক আসামিদের কাছে জানতে চাইবেন, তাঁরা দোষী না-নির্দোষ। উল্লেখ্য, বিডিআর বিদ্রোহের পর হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনের নাম আসে। এ নিয়ে বিশেষ আদালতে ৮৫০ জনের বিচারকাজ চলছে।