হিরোমিতসু শিনকাওয়া যথেষ্ট ভাগ্যবান। জাপানে ১৪০ বছরের ইতিহাসে এমন ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর সাগরে ভেসে গিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় ভেসে থাকার পরও তিনি উদ্ধার হয়েছেন। গত শুক্রবার উত্তর-পূর্ব জাপানে সুনামি আঘাত হানার পর শিনকাওয়া বাড়ির ছাদ আঁকড়ে বাঁচার চেষ্টা করেছিলেন। তবে সুনামির তোড়ে ছাদসহ সাগরে ভেসে নিয়ে যান তিনি। এরপর উপকূল থেকে ১৫ কিলোমিটার দূরে ৪৮ ঘণ্টা ধরে তিনি সাগরেই ভাসছিলেন। তিনি দুই দিন ধরে উদ্ধারকারী হেলিকপ্টার ও জাহাজের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হন। শেষে গতকাল রোববার শিনকাওয়া তাঁর পাশ দিয়ে যাওয়া জাপানের সামরিক বাহিনীর একটি জাহাজের নজরে পড়েন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়োশিইউকি কোতাকে জানিয়েছেন, তিনি ভূমিকম্প-বিপর্যস্ত মিনামিসোমা শহরের উপকূল থেকে ১৫ কিলোমিটার অদূরে সাগরের ভাসছিলেন।শিনকাওয়া জানিয়েছেন, ভূমিকম্পের পর সুনামি আঘাত হানার সময় তিনি ও তাঁর স্ত্রী বাড়ি ফিরছিলেন। কিছু একটা অবলম্বন করে বাঁচার আশায়। তিনি বলেন, ‘সুনামি ধেয়ে আসার খবর শুনে আমি দৌড়াতে থাকি। কিন্তু বাঁচার আশায় বাড়ির কিছু একটা অবলম্বল করার সময়ই আমি ভেসে যাই।’ কোতাকে জানান, শিনকাওয়ার স্ত্রী সাগরের পানিতে ভেসে গেছেন। জাপানের বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, সাগর থেকে শিনকাওয়াকে তুলে আনতে সামরিক বাহিনী ছোট একটি নৌযান ব্যবহার করে। সামরিক কর্মকর্তারা বলছেন, শিনকাওয়া সৌভাগ্যবানই। কারণ, ভালো আবহাওয়া ও সাগরের অপেক্ষাকৃত শান্ত পরিস্থিতির কারণে তিনি দু ইদিন পর্যন্ত বেঁচে ছিলেন। কিয়োডোকে শিনকাওয়া বলেন, ‘আমি মনে করেছিলাম, আজ বুঝি আমার জীবনের শেষ দিন।’ স্কাই নিউজ, টাইমস অব ইন্ডিয়া।