নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই সময়ের মধ্যে নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন নিয়ে সরকারকে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচিতে যাবে ১৮-দলীয় জোট।গতকাল শনিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের বিশাল সমাবেশ থেকে দাবি আদায়ের জন্য সময় বেঁধে দেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি সংলাপের প্রস্তাবকে ‘নাটক’ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীকে আলোচনার জন্য চায়ের আমন্ত্রণ জানান। খালেদা জিয়া বলেন, ‘সরকারকে অনেক সময় দিয়েছি, ধৈর্য ধরেছি। হেফাজতের কর্মসূচি না থাকলে ২৪ ঘণ্টা সময় দিয়ে রাজপথে অবস্থান করতাম। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার ভাবুক। দাবি না মানলে শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’ তিনি বলেন, এই সময়ের মধ্যে দাবি না মানলে এমন কর্মসূচি দেওয়া হবে যে সরকার পালাতে বাধ্য হবে। তিনি সরকারকে বলেন, ‘কোনো ধানাইপানাই করবেন না। ৪৮ ঘণ্টা পর আর সমাবেশের পারমিশনের (অনুমতি) জন্য অপেক্ষা করব না। যেখানে পারব বসে পড়ব। আর জেল-জুলুম, নবীর (সা.) অবমাননা সহ্য করব না।’বিএনপির চেয়ারপারসন বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) সৌদি আরবে গেলে জোব্বা পরেন, তজবি টিপেন আর ভারতে গেলে তিলক আঁকেন। তাঁর বেশভূষার ঠিক নেই। তাঁকে বিশ্বাস করা যায় না।’সংলাপে বসতে প্রধানমন্ত্রীর আহ্বানের জবাব দিয়ে খালেদা জিয়া বলেন, দেশের মানুষ ও শ্রমিক ফুঁসে উঠেছে। এ জন্য দৃষ্টি অন্যদিকে ঘোরাতে প্রধানমন্ত্রী আরেক নাটক তৈরি করেছেন। সংলাপের নাটক তৈরি করেছেন। আলেম-ওলামা ও শ্রমিকদের ক্ষোভ চাপা দিতে এবং ১৮ দলের সমাবেশ বানচালের জন্য এই সংলাপ নাটক। কিন্তু আগে পরিষ্কার করে বলতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। সংসদে বিল আনতে হবে। প্রধানমন্ত্রী এটা গণমাধ্যমে জানিয়ে দিতে পারেন। তাহলে আলোচনার দরকার হবে না।খালেদা জিয়া বলেন, আলোচনার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে। এরপর সুস্পষ্ট আলোচ্যসূচি দিতে হবে। তিনি বলেন, ‘আমরা আলোচনা চাই। প্রধানমন্ত্রী কখনো সংসদে এসে আলোচনার জন্য বলছেন, আবার কখনো ফটোসেশনের জন্য ডাকছেন। হয়তো কয়েক দিনের মধ্যে চা খাওয়ার জন্য ডাকবেন। আমিই তাঁকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার জন্য চায়ের আমন্ত্রণ জানাচ্ছি। নির্দলীয় সরকার না হলে পরিণতি খারাপ হবে।’হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির প্রতি নিজের সমর্থনের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, হেফাজতের কর্মসূচিতে বাধা দেবেন না। বাধা দিলে পরিণতি হবে ভয়াবহ। আলেম সমাজ পথে নেমেছে। শাহবাগের ধর্মদ্রোহীদের না সরালে এবার আর আলেমদের সরানোর চিন্তা করবেন না। এবার আর তাঁরা ফেরত যাবেন না। শাহবাগের তরুণদের সম্পর্কে তিনি বলেন, ‘এরা তরুণ নয়। এরা সরকারের শেখানো বুলি বলছে। সেখানে বসে নবীজি সম্পর্কে কী ধরনের বক্তব্য দিচ্ছে। তার পরও সরকার তাদের জামাই-আদর করছে।’ তিনি বলেন, সরকার বিদেশিদের কাছে আলেমদের জঙ্গি বলে উল্লেখ করছে। আলেমরা জঙ্গি নন, তাঁরা দেশকে ভালোবাসেন, ধর্মকে ভালোবাসেন। বিরোধীদলীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীকে উন্মাদ, মাথা খারাপ ও পাগল বলে মন্তব্য করে বলেন, ‘পাগল-ছাগল মন্ত্রীদের বাদ দিয়ে বিরোধী দলের সঙ্গে বসেন, দেশকে এগিয়ে নিয়ে যান।’ খালেদা জিয়া বলেন, গ্যাস-সংক্রান্ত কিছু তথ্য থাকার কারণে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা তাঁদের ল্যাপটপ নিয়ে গেছে। তাঁদের কাছে থাকা তথ্য প্রকাশিত হলে সরকারের চরিত্র উন্মোচিত হয়ে যেত। এই দুই সাংবাদিক দেশের জন্য প্রাণ দিয়েছেন। পদ্মা সেতুর দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির ২ শতাংশ অর্থ লন্ডনে যাওয়ার কথা ছিল। লন্ডনে কে থাকেন? সেখানে প্রধানমন্ত্রীর আত্মীয়রা থাকেন।বিএনপির চেয়ারপারসন বলেন, সরকার মানুষ গুম করছে, লগি-বৈঠা দিয়ে ও বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। এদের মুখে মানবতা মানায় না। তিনি অভিযোগ করেন, রানা প্লাজা ধসের কারণে দেশের পোশাকশিল্প ধ্বংসের মুখে। এতগুলো মানুষ মরল আর সরকার সান্ত্বনার জন্য শোক দিবস ঘোষণা করেছে। ছুটি পর্যন্ত দেয়নি। অথচ তাদের দলের একজনের জন্ম ও মৃত্যুর দিনেও ছুটি থাকে।সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, বিজেপির সভাপতি আন্দালিব রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আবদুল মঈন খান প্রমুখ।