৪৮ ঘণ্টায় ১০ তলা বাড়ি!
স্টিলের বিম আর পাত দিয়ে লাল ও ক্রিম রঙের ‘ইনস্টাকন’ নামের ১০ তলা বাড়িটি তৈরি করা হয়েছে মাত্র ৪৮ ঘণ্টায়। ভারতে সবচেয়ে কম সময়ের মধ্যে তৈরি এই বাড়িটি ঠাঁই পেয়েছে লিমকা বুক অফ রেকর্ডসে। বৃহস্পতিবার বিকেলে নির্মাণ শুরু হয়ে গতকাল শনিবার একই সময় শেষ হয় বাড়িটির নির্মাণ কাজ। ভারতের পাঞ্জাব রাজ্যের রাজধানী চন্ডীগড় থেকে ১০ কিলোমিটার দূরে মোহালির ইন্ডাস্ট্রিয়াল প্লটে ২৫ হাজার বর্গমিটার জায়গা জুড়ে এ অভিনব বাড়িটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় নির্মাণ সংস্থা ইনস্টাকন এর কর্ণধার হরপাল সিং মাত্র ৪৮ ঘণ্টায় বাড়িটি তৈরি করে অসম্ভবকে সম্ভব করেছেন।স্টিলের বাড়ি হলেও ইট, বালি ও সিমেন্টের সামান্য ব্যবহার করা হয়েছে নতুন এ বাড়িটিতে। তবে এ বাড়ির বিভিন্ন অংশ আগেভাগেই তৈরি করা হয়েছিল রচপাল সিংয়ের কারখানায়। এ দুই দিনে শুধু বাড়িটির বিভিন্ন অংশ নাট-বল্টু দিয়ে জুড়ে দেওয়া হয়। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে শুরু করে বাড়িটিতে আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। নতুন এ বাড়িটি তৈরিতে প্রায় ২০০ টন স্টিল ব্যবহূত হয়েছে। ২৫ জন প্রকৌশলী ও প্রযুক্তিবিদের সমন্বয়ে এ কাজে প্রায় ২০০ জন শ্রমিক অংশ নেন। ‘ইনস্টাকন’ নির্মাণের পর স্বীকৃতিও পেয়ে গেছে নির্মাণ সংস্থাটি। নির্মাণের পরপরই লিমকা বুক কর্তৃপক্ষ নির্মাণ সংস্থাটির হাতে তুলে দিয়েছে রেকর্ডের সার্টিফিকেট।