সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য ৪৯ দিন আগে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। পুলিশ খুনের ‘মোটিভ’ (পেছনের কারণ) সম্পর্কে নিশ্চিত হওয়ার কথা বলেছিল ৩৩ দিন আগে। অথচ, গতকাল শুক্রবার পর্যন্ত জানামতে তদন্তের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছিল না। কারা, কেন, ঠিক কীভাবে সাগর-রুনি দম্পতিকে খুন করল, তা এখনো অস্পষ্ট। কাউকে গ্রেপ্তারের কথাও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি পুলিশ।এই পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েছেন নিহতের স্বজনেরা। গতকাল রুনির ভাই নওশের আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো আশা দেখছি না। অনেক দিন ধরেই ধৈর্য ধরে রয়েছি। শুরুতে সবাই আশার বাণী শুনিয়েছেন। এখন সবকিছু যেন কেমন পিছিয়ে যাচ্ছে। তার ওপর যদি ন্যায়বিচার না পাই, তাহলে কোথায় যাব আমরা! শুনছি, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কারা, কেন ঘটনা ধামাচাপা দিতে চায়, তা জানি না। পুলিশও কিছু বলে না।’ আগামী ৭ এপ্রিলের মধ্যে সাগর-রুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হলে ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে সাংবাদিকদের প্রধান চারটি সংগঠন: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।এ বিষয়ে গতকাল প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান নতুন কিছু বলতে পারেননি। তিনি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে। তদন্তের অগ্রগতির বিষয়ে পুলিশ হাইকোর্টকে প্রতিবেদন দিয়েছে। এ পর্যায়ে মামলার তদন্ত নিয়ে পুলিশ গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলবে না।তদন্তে নিয়োজিত একাধিক পুলিশ কর্মকর্তা বলছেন, এ হত্যাকাণ্ডে জড়িত হিসেবে তাঁরা চার-পাঁচজন পেশাদার অপরাধীকে আটক করেছেন। তাঁদের সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে। কিন্তু বাসা থেকে খোয়া যাওয়া ল্যাপটপ কম্পিউটার, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার না হওয়ায় পুলিশ তদন্তের ইতি টানতে পারছে না। এ মামলার সঙ্গে বিশ্বাসযোগ্যতার প্রশ্নটিও জড়িত। জিনিসপত্র উদ্ধার না হলে মানুষকে ঘটনার সত্যতা বিশ্বাস করানো যাবে না।গত ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাট থেকে মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। ওই দিন ঘটনাস্থল পরিদর্শনে এসে রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে বলে ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।