ঈদ উদ্যাপন শেষ না হতেই শুরু হলো দুর্ভোগ। জামায়াতে ইসলামীর ডাকা আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার সারা দেশে ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল কর্মসূচি দিয়ে যাত্রা শুরু এই দুর্ভোগের। প্রথমে ১২ ও ১৩ আগস্ট হরতাল ডাকার পর ব্যাপক সমালোচনার মুখে তা এক দিন (সোমবার) পিছিয়ে ১৩ ও ১৪ আগস্ট ৪৮ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত। তখন জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছিল, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া মানুষজনের কর্মস্থলে ফেরার কথা চিন্তা করে হরতালের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। কিন্তু গতকাল সোমবার সকাল থেকে হরতালের সমর্থনে রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালান জামায়াত-শিবিরের কর্মীরা। ১৫ আগস্ট বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় ঈদের ছুটির পরপর মঙ্গল ও বুধবারের হরতালের রেশ গড়াবে আগামী শনিবার পর্যন্ত।গত বৃহস্পতিবার রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের দেওয়া জামায়াতের নিবন্ধন হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই দিনই ‘জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র, দলের নেতাদের হত্যার চক্রান্ত ও জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সরকার পরিকল্পনা করছে’—এমন দাবি করে তার প্রতিবাদে হরতালের ডাক দেয় জামায়াত।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হরতালের সমর্থনে গতকাল বেলা তিনটার দিকে মিরপুর বেনারসি পল্লির গলি থেকে জামায়াত ও শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। তাঁরা এ সময় পাঁচটির মতো ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করেন। পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয় এবং পাঁচজনকে আটক করে। আটক কর্মীদের মুক্তির দাবিতে আধঘণ্টা পর শিবিরের কর্মীরা মিরপুর ১০ নম্বর গোলচত্বরে জড়ো হন। তাঁরা মিছিল বের করলে পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার কামাল হোসেন প্রথম আলোকে বলেন, আটক শিবিরের কর্মীদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গতকাল বেলা একটার দিকে আরামবাগ আল-হেলাল পুলিশ বক্সের কাছে বেশ কজন শিবিরের কর্মী হরতালের সমর্থনে স্লোগান দিয়ে মিছিল বের করেন। কর্তব্যরত পুলিশের সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করেন। ঘটনা নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিকে মতিঝিল থানা নেওয়া হয়েছে।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মগবাজার চৌরাস্তার কাছ থেকে ১০-১২ জন জামায়াত-শিবিরের কর্মী হরতালের সমর্থনে মিছিল বের করে ওয়্যারলেস গেটের দিকে যান। বিশাল সেন্টারের সামনে গিয়ে মিছিলকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং ব্যানারে আগুন ধরিয়ে রাস্তায় রাখেন। এ সময় পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ কয়েকটি ফাঁকা গুলি করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।বেলা দুইটার দিকে গুলশান-১ এলাকা থেকে ছাত্রশিবির একটি মিছিল বের করে ঝিলপাড়ের দিকে যায়। এ সময় তারা রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি এবং অবরোধ করার চেষ্টা করে। পুলিশ এলে তারা পালিয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী ও গেন্ডারিয়ার দয়াগঞ্জে ছাত্রশিবির পৃথক মিছিল বের করে। পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে।এদিকে আজ ও আগামীকালের হরতাল সামনে রেখে গতকাল দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলোর অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: শহরের বড়বাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটান জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় ককটেলের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন। তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াতের দুই নেতা তেলকুপি জামে মসজিদের ইমাম ও মিরপুর মহল্লার বাসিন্দা নুরুল ইসলাম এবং জামায়াতের ওয়ার্ড শাখার নেতা ও সয়াধানগড়া গ্রামের আবদুল আজিজকে গ্রেপ্তার করে। এ ছাড়া রাতে অভিযান চালিয়ে পুলিশ তেলকুপি গ্রাম থেকে জামায়াতের নেতা আবদুল হাইকে গ্রেপ্তার করে। রংপুর: মিঠাপুকুর থেকে ২২ জন জামায়াত-শিবিরের কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের আরভি মিল্ক ভিটার সামনে একটি পিকআপ ভ্যান আটক করে সেখান থেকে নাজমুল হক ও কাওসার আহমেদসহ ২২ জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেপ্তার করা হয়।চট্টগ্রাম: হালিশহর থানার বড়পুল এলাকায় ভাঙচুর ও বোমাবাজির সময় জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) সুমন তালুকদার বলেন, শিবিরের কর্মীরা হঠাৎ মিছিল বের করে গাড়ি ভাঙচুরের সময় পাঁচজন শিবিরের কর্মীকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জ: বেলা তিনটার দিকে শহরের সিরাজদৌল্লাহ সড়কে নারায়ণগঞ্জ হাইস্কুলের সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান। ময়মনসিংহ: গফরগাঁওয়ে টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পটুয়াখালী: জামায়াতের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আহসানকে বিকেলে শহরের দুই নম্বর বাঁধঘাট এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। হরতালকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। বিশ্বনাথ (সিলেট): বিশ্বনাথে নাশকতার আশঙ্কায় জামায়াতের তিন নেতাকে আটক করেছে থানার পুলিশ। উপজেলার নতুন বাজার এলাকা থেকে গতকাল বিকেলে পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।