৪৮ ঘণ্টার মধ্যে সুরঞ্জিতের পদত্যাগ চায় বিএনপির সংসদীয় দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮ ঘণ্টার মধ্যে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ দাবি করেছে বিএনপির সংসদীয় দল। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনেরও দাবি জানিয়েছে। আজ রোববার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংসদীয় দলের সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন বিএনপির সাংসদ ও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।বিএনপির দাবি অনুযায়ী আগামী মঙ্গলবার দুপুরে এই সময় শেষ হবে। এই সময়ের মধ্যে সরকার কী ব্যবস্থা নেয়, তা দেখে পরে আবারও সংবাদ সম্মেলন করা হবে বলে জানান মওদুদ আহমদ।সম্প্রতি রেলমন্ত্রী সুরঞ্জিতের সহকারী একান্ত সচিবের (এপিএস) গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। ওই গাড়িটি সুরঞ্জিত সেনগুপ্তের বাসার দিকে যাচ্ছিল বলে এপিএস ও গাড়িতে থাকা পূর্বাঞ্চল রেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানিয়েছেন।সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ বলেন, মন্ত্রী স্বপদে বহাল থাকা অবস্থায় সুষ্ঠু তদন্ত হওয়া সম্ভব না। এ ধরনের তদন্ত অর্থহীন ও লোকদেখানো। তিনি বলেন, নৈতিক কারণে ও ঘটনার সুষ্ঠু তদন্তে সহযোগিতার জন্য রেলমন্ত্রী উচিত ছিল সঙ্গে সঙ্গে পদত্যাগ করা। রেলমন্ত্রীর গঠন করা তদন্ত কমিটিকে তিনি হাস্যকর উল্লেখ করে বলেন, যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনিই তদন্ত কমিটি গঠন করেছেন, তা-ও আবার রেলের কর্মকর্তাদের দিয়ে। এ ধরনের তদন্ত কমিটির তদন্তের ফলাফল কী হবে, তা সহজেই অনুমেয়।মওদুদ বলেন, তাঁদের দল এ ব্যাপারে সংসদে বক্তব্য তুলে ধরবে। আগামী বাজেট অধিবেশনে মন্ত্রীর এমন দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেবে। তিনি অভিযোগ করেন, রেলওয়ের নিয়োগ বাণিজ্যের যে কুিসত বিষয়টি সামনে এসেছে, তা জাতিকে স্তম্ভিত করেছে। এই পুরো বিষয়টির সঙ্গেই রেলমন্ত্রী জড়িত। মন্ত্রীর এই ঘটনা সাংসদদের জন্য লজ্জার ও অপমানের। বর্তমান সরকার যে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, তা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে।এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অতীত টেনে লাভ নেই। এখন যা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত হতে হবে। নাইকো দুর্নীতির কারণে তাদের একজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন। তখন বিএনপি কী ব্যবস্থা নিয়েছিল, জানতে চাইলে তিনি বলে, দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা। টাকাসহ অভিযুক্তরা হাতেনাতে ধরা পড়েছেন। তাঁরা মন্ত্রীর বাড়িতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তাই এর তদন্ত হতে হবে। দোষীদের শাস্তি দিতে হবে। সংসদের মর্যাদা রক্ষায় এখনই সরকারকে ব্যবস্থা নিতে হবে। তিনি জানতে চান, ‘গাড়িতে কত টাকা ছিল? ৭০ লাখ, নাকি তিন কোটি ৭০ লাখ, না চার কোটি ৭০ লাখ?’সংবাদ সম্মেলনে বিএনপির সাংসদ মাহবুবউদ্দিন, শহীদউদ্দিন চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী, আবুল খায়ের, নিলুফার ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।