৪৮ জন সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ৪৮ জন সাক্ষীর নিরাপত্তা জোরদার করার অনুরোধ করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। এই সাক্ষীদের ৩৮ জন নিজামীর এলাকা পাবনায় এবং ১০ জন ঢাকা মহানগরে বসবাস করছেন।তদন্ত সংস্থার অনুরোধে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাবনা ও ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্রে এসব কথা জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান তদন্ত সংস্থার সমন্বয়কের কাছে এর আগে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠান। চিঠিতে জানানো হয়, নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ইতিমধ্যে কয়েকজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আরও ৩০ জনের মতো সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানিয়েছেন। দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনায় সংশ্লিষ্ট সাক্ষীদের সার্বিক নিরাপত্তা না দিতে পারলে মামলার ক্ষতির সম্ভাবনা রয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটি বিচারাধীন রয়েছে। ২০১২ সালের ২৭ আগস্ট নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। দ্বিতীয় সাক্ষী হিসেবে জহির উদ্দিন জালাল ১৯ ডিসেম্বর সাক্ষ্য দেন এবং ১৯ মার্চ তৃতীয় সাক্ষী রোস্তম আলী মোল্লা সাক্ষ্য দেন।নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী পাবনার নাজিম উদ্দিন খাত্তাবকে ভয়ভীতি দেখানো হয়েছে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা রাজ্জাক খান একটি প্রতিবেদন দাখিল করেছেন সমন্বয়কের কাছে।জানা যায়, ১০ মার্চ দুপুরে নাজিম উদ্দিন পাবনার সাঁথিয়া বাজারে তাঁর দোকানে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচ-ছয়জন যুবক বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে চলে যান। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান।জানতে চাইলে তদন্ত কর্মকর্তা রাজ্জাক খান বলেন, ‘নিজামীর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের অনেকেই আমাকে নিরাপত্তাহীনতার বিষয়টি জানিয়েছেন। অনেককে হুমকি দেওয়া হয়েছে। তাঁদের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’ঢাকা ও পাবনার কয়েকজন সাক্ষীর সঙ্গে কথা বলে জানা গেছে, অনেককে টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে। আবার কাউকে লোভ দেখানো হচ্ছে।পাবনা এলাকার কয়েকজন সাক্ষী প্রথম আলোকে টেলিফোনে বলেন, নিজামীর পক্ষের লোকেরা বাজারে চায়ের দোকানে গিয়ে সাক্ষীদের বিরুদ্ধে নানা কথা বলছে, সাক্ষ্য দিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে।তবে, ঢাকায় বসবাসকারী সাক্ষীদের কয়েকজন প্রথম আলোকে জানিয়েছেন, থানা থেকে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আপাতত তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন না।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নানের পাঠানো চিঠিতে বলা হয়, ইতিমধ্যে একজন সাক্ষীর সহোদরকে হত্যা করা হয়েছে। সাক্ষীর পরিবার ও তাঁদের আত্মীয়স্বজনের সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তাবিধান নিশ্চিত করতে না পারলে এবং বর্তমান পরিস্থিতি চলতে থাকলে সাক্ষীরা সাক্ষ্য দিতে আগ্রহ হারিয়ে ফেলবেন।এ-সংক্রান্ত তদারকি সেলের কেন্দ্রীয় কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, সাক্ষীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কেউ দায়িত্বে অবহেলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।যোগাযোগ করা হলে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, সাক্ষীদের অনেকেই বলেছেন, রাতে তাঁরা ঘুমাতে পারেন না। জামায়াতের যে নৃশংসতা তাঁরা দেখছেন, তাতে তাঁরা অত্যন্ত ভীত। প্রতিনিয়ত তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্মূল কমিটিসহ বিভিন্ন মহল থেকে তিন বছর ধরে সাক্ষী সুরক্ষা আইন করার জন্য বলা হচ্ছিল। কিন্তু স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এ জন্য একে অপরের ওপর দায় চাপালেও আইনটি আর করা হয়নি। আবার ট্রাইব্যুনালের তদারকির জন্য একটি কমিটি করা হলেও তিন বছরে মাত্র একবার বৈঠক হয়েছে।