৪৮ মাদক ব্যবসায়ী, সাড়ে তিন শ পুলিশ
সামনে উপকমিশনার, তাঁর পেছনে অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার, পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), টহল পরিদর্শক, উপ-পরিদর্শক (এসআই) আর দলবদ্ধ পুলিশ সদস্য (কনস্টেবল)। সব মিলে সাড়ে তিন শ পুলিশের বড় বহর। যেন রাজপথে পুলিশের মিছিল। তবে এ মিছিল কোনো দাবি আদায়ের জন্য নয় ; মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসা বন্ধ ও মাদক ব্যবসায়ীদের ধরতেই পুলিশের এ বিশেষ উদ্যোগ। রাজধানীর তেজগাঁওয়ের পাঁচ থানার এ অভিযানের নেতৃত্বে ছিলেন তেজগাঁও অঞ্চলের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির। তাঁর সঙ্গে ছিলেন পাঁচ থানার সব পুলিশ সদস্য। অভিযানের ব্যাপারে উপকমিশনার বলেন, ‘বস্তি ভাঙতে আমরা আসিনি, আমাদের অভিযান ৪৮ জনের বিরুদ্ধে। এদের আটজন হোরাইন বিক্রেতা, ১০ জন পাইকারি গাঁজা বিক্রেতা আর ৩০ জন খুচরা মাদক বিক্রেতা। এরা সবাই তেজগাঁও রেললাইন বস্তির বাসিন্দা। তাদের ধরতেই এ বিশেষ অভিযান।’ গতকাল দুপুরে তেজগাঁও থানা থেকে শুরু হওয়া এ অভিযানের লক্ষ্য ছিল রাজধানীর কারওয়ান বাজার রেললাইন বস্তি। এত পুলিশ সদস্যকে দল বেঁধে হেঁটে আসতে দেখে অনেকে হকচকিত হয়ে যায়। গুজব ছড়িয়ে পড়ে পুলিশ কারওয়ান বাজারে বস্তি উচ্ছেদ করতে আসছে। দুপুর সাড়ে ১২টার দিকে বের হওয়া পুলিশ দলটির সামনে চলছিল একটি রিকশা, তাতে মাইক বাঁধা। মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, ‘সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরিয়ে দিন, তাদের সম্পর্কে খবর পুলিশকে জানান। আর মাদক ব্যবসায়ীদের পিটিয়ে এলাকা ছাড়া করুন।’পুলিশের দলটি তেজগাঁও থানা থেকে আসার পথে কারওয়ান বাজারের রাস্তায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। রাস্তায় অবৈধ পার্ক করা বেশ কয়েকটি গাড়িকে জরিমানা করা হয়। পরে সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে পুলিশের দলটি চলে যায় তেজগাঁও রেললাইন বস্তির দিকে। পুলিশের দল বস্তিতে ঢোকার সময় কয়েকজন যুবক বস্তির ভেতর থেকে বেরিয়ে আসেন। তাঁদের অনেককেই পুলিশের তল্লাশির মুখে পড়তে হয়। বেলা একটার দিকে বস্তির সামনে রেললাইনের ওপর মাইক লাগিয়ে সমাবেশ করে পুলিশ। উপকমিশনার মাইকে বস্তিতে যারা মাদক ব্যবসা করে তাদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, তেজগাঁও বস্তিতে হেরোইন বিক্রি করে জুলেখা আর শিল্পীসহ আটজন, পাইকারি গাঁজা বিক্রি করে মানেজা, জলিল, পারভিন, মাজেদা, জনির মা, খুদি, রোকেয়া, সাহিদাসহ কয়েকজন। এরা রেললাইনের ওপরে প্রকাশ্যে গাঁজা শোকায়। গাঁজার পুরিয়া বিক্রি করে নুরুজ্জামান, শুক্কুর আলী, মিনা, ফাতেমা, গলাকাটা নাসিমা। এভাবে উপকমিশনার হোরাইন বিক্রির সঙ্গে জড়িত আটজন, পাইকারি গাঁজা বিক্রেতা ১০ জন ও গাঁজার পুরিয়া বিক্রেতা ৩০ জনের নাম মাইকে ঘোষণা করেন। তিনি বলেন, ‘এরা সংখ্যায় মাত্র ৫০ জন, আর আপনারা পাঁচ হাজার। আপনারা চাইলেই এদের গুঁড়িয়ে দিতে পারবেন। এরা নির্মূল হলে যুবসমাজ কিছুটা হলেও বেঁচে যাবে।’ মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ বস্তিতে মোমিনের মা বলে একজন মাদক ব্যবসায়ী আছে যাকে ধরা যায় না। মোমিনের মা হোক আর কাফেরের মা হোক, কারও ক্ষমা নেই। ধরা পড়তেই হবে।’ মাদক ব্যবসায়ীদের উদ্দেশে চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, ‘এর আগে আপনাদের ভালো হওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা মাদক ব্যবসা ছাড়েননি, ভালোও হননি। কুত্তার লেজ সোজা হয় না, আমরা সেটা বুঝেছি। স্ত্রী-সন্তান নিয়ে জমিয়ে ব্যবসা করছেন। সে জন্য সাঁড়াশি অভিযান চালানো হবে।’উপকমিশনার বস্তিবাসীর উদ্দেশে বলেন, ‘মাদক ব্যবসায়ীদের ঘর আমাদের চিনিয়ে দিন, আপনাদের সব ধরনের নিরাপত্তা আমরা দেব। এ অভিযান মাদক নির্মূল না হওয়া পর্যন্ত চলবে।’ তবে পুলিশ গতকাল কোনো মাদক ব্যবসায়ীকে ধরতে পারেনি। উপকমিশনারের বক্তব্যের সময় কয়েকজন বস্তিবাসী প্রথম আলোকে বলেন, ‘মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিলে তাঁরা আর বাঁচতে পারবেন না। এদের পেছনে পুলিশ যেমন আছে, তেমনি বড় বড় সন্ত্রাসীও আছে। পুরো বস্তিবাসী এদের হাতে জিম্মি হয়ে পড়েছে। অভিযানের সময় পুলিশ কারওয়ান বাজারের বিভিন্ন স্থান থেকে যেসব অবৈধ দোকান উচ্ছেদ করেছিল, পুলিশ যাওয়ার পরেই তারা আবার ওই সব দোকান চালু করে দেয়।